Cvoice24.com

লোহাগাড়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত

সিভয়েস২৪ ডেস্ক
১৫:৩২, ১ সেপ্টেম্বর ২০২৬
লোহাগাড়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঠাকুরদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—চাঁদপুরের কচুয়া উপজেলার শাহারপাড় মুন্সিবাড়ির মো. মনির হোসেনের ছেলে ফিরোজ আহমেদ তৌহিদ (২৩) এবং একই উপজেলার শাহারপাড় পাটোয়ারী বাড়ির মিজান পাটোয়ারীর ছেলে মুহাম্মদ মাহি পাটোয়ারী (২০)।

নিহতদের ভ্রমণসঙ্গী মো. সোহান জানান, তারা মোটরসাইকেলে কক্সবাজার থেকে চাঁদপুর যাচ্ছিলেন। পথে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি পিকআপভ্যান তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফিরোজ আহমেদ তৌহিদ মারা যান।

দুর্ঘটনায় গুরুতর আহত মাহি পাটোয়ারীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সালাহ উদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে ফিরোজ আহমেদ তৌহিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর আহত যুবককে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর পিকআপভ্যানটি ঘটনাস্থলে রেখে চালক ও হেলপার পালিয়ে যান। ফলে তাৎক্ষণিকভাবে তাদের আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনাকবলিত পিকআপভ্যান ও মোটরসাইকেলটি হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


 

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর