সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া, মহাসড়কে যানজট
সীতাকুণ্ড প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে সীতাকুণ্ড পৌরসভা গেট এলাকায় কয়েক দফা এ ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্যে পড়ে একটি ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধিও মারধরের শিকার হয়েছেন। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ ও পথচারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
এদিকে বিএনপির আরেক পক্ষের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যোগ দিতে আসা বিএনপি নেতা আসলাম চৌধুরীর গাড়িও আটকা পড়ে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই বিএনপির দুই পক্ষের নেতাকর্মীরা পৃথকভাবে অবস্থান নিতে শুরু করেন। একই স্থান ও সময়ে কর্মসূচি পালনের ঘোষণা থাকায় আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল।
একপর্যায়ে বিকেলে সীতাকুণ্ড পৌরসভা গেট এলাকায় দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা বাড়ে। পরে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আসলাম চৌধুরীপন্থী অন্তত এক হাজার নেতা-কর্মী পৌরসভা গেট এলাকায় জড়ো হন। বৃষ্টির মধ্যেও তাঁরা মিছিল ও সমাবেশ করেন।
অন্যদিকে কাজী সালাহউদ্দিনপন্থী নেতা-কর্মীরা বাঁশবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
স্থানীয় সূত্রের দাবি, যানজটে আটকা পড়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যোগ দিতে আসা আসলাম চৌধুরীর গাড়িও। পরে মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে।
সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর বলেন, ‘আমরা দুই পক্ষকে আলাদা সময়ে অনুষ্ঠান করার নির্দেশনা দিয়েছি। সার্বিক পরিস্থিতির ওপর আমাদের নজর রয়েছে। এই মুহূর্তে পুলিশের একটি টিম বাঁশবাড়িয়া মহাসড়কে ব্যারিকেড সরানোর কাজ করছে।’
দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়েছে একই স্থান ও সময়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘোষণা করাকে কেন্দ্র করে। এক পক্ষ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাহউদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। অন্য পক্ষ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর অনুসারী।
কর্মসূচিকে কেন্দ্র করে সংঘাতের আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল। তবে মঙ্গলবার বিকেলে ধাওয়া-পাল্টাধাওয়া ও মহাসড়ক অবরোধের ঘটনায় সীতাকুণ্ডে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













