টেকনাফে এবার মিললো ১৪ কেজি আইস, বোট ফেলে পালালো কারবারিরা
উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ৫ হাজার ইয়াবা ও ২০ বোতল বিদেশি মদ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় দুটি কাঠের বোট জব্দ করা হয়। পাশাপাশি ৫ হাজার ইয়াবাসহ মোহাম্মদ মোস্তফা (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা থেকে ৩টা পর্যন্ত টেকনাফের জালিয়া দ্বীপ ও জালিয়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে আইসের একটি চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দুটি কাঠের বোট ফেলে পালিয়ে যায়। পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ২০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
অন্যদিকে, একই রাতে উখিয়ার পালংখালী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫ হাজার ইয়াবাসহ মোহাম্মদ মোস্তফাকে আটক করা হয়। তিনি পালংখালী এলাকার আবদুল হাকিমের ছেলে।
টেকনাফ কোস্ট গার্ডের কমান্ডার আরাফাত হোসেন বলেন, মাদক চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।
কক্সবাজার সব খবর















