Cvoice24.com

৩৫ বছরের প্রবাসজীবন শেষে দেশে ফেরার স্বপ্ন থামল গুলিতে

সীতাকুণ্ড প্রতিনিধি, সিভয়েস২৪
১৭:৫৯, ২ সেপ্টেম্বর ২০২৬
৩৫ বছরের প্রবাসজীবন শেষে দেশে ফেরার স্বপ্ন থামল গুলিতে

৩৫ বছর পর দেশে ফিরে মা-বাবার কবর জিয়ারত, বিয়ে করে সংসার পাতার স্বপ্ন দেখেছিলেন সীতাকুণ্ডের রমজান আলী। দেশে ফেরার জন্য বাংলাদেশ দূতাবাসে আবেদনও করেছিলেন তিনি। সবকিছু ঠিক থাকলে এক সপ্তাহের মধ্যেই দেশে ফেরার কথা ছিল তার। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই পাকিস্তানে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন তিনি।

রমজান আলী (৫১) সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের নডালিয়া গ্রামের আবুল খায়েরের দ্বিতীয় ছেলে। মাত্র ১৬ বছর বয়সে পাকিস্তানে পাড়ি জমান তিনি। সেখানে একটি টেক্সটাইল মিলে প্রায় ৩৫ বছর ধরে কাজ করছিলেন।

নিহতের বোন মিলি আক্তার জানান, দেশে স্বজনদের সঙ্গে তেমন যোগাযোগ না থাকলেও মাঝে মাঝে মা-বাবার সঙ্গে ফোনে কথা বলতেন রমজান। মা-বাবা মারা যাওয়ার পর গত আট বছর ধরে দেশে থাকা ভাই-বোনদের সঙ্গে তার যোগাযোগ ছিল।

মিলি আক্তার বলেন, গত রবিবার (৩০ আগস্ট) রাতে পাকিস্তানে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান রমজান আলী।

তিনি জানান, সম্প্রতি দেশে ফেরার জন্য খুবই ব্যাকুল হয়ে উঠেছিলেন রমজান। দেশে ফেরার জন্য বাংলাদেশ দূতাবাসে আবেদনও করেছিলেন। তার ঠিকানা যাচাইয়ের জন্য দূতাবাস থেকে সীতাকুণ্ড থানায় তথ্য পাঠানো হয়। পরে ডিএসবি (গোয়েন্দা শাখা) তার গ্রামের বাড়িতে গিয়ে তথ্য যাচাই করে প্রতিবেদন দেয়।

পরিবার জানায়, সবকিছু ঠিক থাকলে এক সপ্তাহের মধ্যেই দেশে ফেরার কথা ছিল রমজানের। দেশে ফিরে বিয়ে করে সংসার করার ইচ্ছার কথাও জানিয়েছিলেন তিনি। তার বোনেরা এরই মধ্যে তার জন্য পাত্রী খোঁজাও শুরু করেছিলেন।

মিলি আক্তার বলেন, ‘ভাই বলেছিল, ৩৫ বছর পর দেশে এসে মা-বাবার কবর দেখবে, জিয়ারত করবে। দেশে এসে বিয়ে করে সংসার করবে—এমন ইচ্ছার কথাও জানিয়েছিল। কিন্তু তার সেই আশা আর পূরণ হলো না।’

তিনি আরও বলেন, ‘এখন আমাদের আর কোনো চাওয়া নেই। শুধু ভাইয়ের লাশটা দেশে এনে মা-বাবার কবরের পাশে দাফন করতে চাই। সরকারের সহযোগিতা পেলে আমরা ভাইয়ের শেষ ইচ্ছাটা পূরণ করতে পারব।’

বর্তমানে গ্রামের বাড়িতে রমজান আলীর এক ভাই ও দুই বোন রয়েছেন। তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা কামনা করেছে পরিবার।