Cvoice24.com

জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেপ্তার ৬

সিভয়েস২৪ প্রতিবেদক
১৯:২৫, ২ সেপ্টেম্বর ২০২৬
জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেপ্তার ৬

চট্টগ্রাম নগরের ইপিজেডে জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ টাকাসহ ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) দক্ষিণ হালিশহরের আকবর আলী খালপাড় সিডিএ বালুর মাঠসংলগ্ন আমবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন— মো. সাদ্দাম (৩৫), বাসু দে (৩৫), আব্দুল মজিদ (৪০), আরিফ (২৮), মো. আনোয়ার হোসেন (৪৬) ও সাইদ হোসেন শাকিল (২৬)।

পুলিশ জানায়, স্থানীয় জুয়াড়ি ওসমান গণি বাঁশ ও ত্রিপল দিয়ে অস্থায়ী ঘর বানিয়ে নিয়মিত জুয়ার আসর পরিচালনা করছিলেন। এর আগে আকবর আলী পকেট গেট খালপাড় এলাকায় একটি জুয়ার আস্তানা সিটি করপোরেশন ও পুলিশের যৌথ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। পরে চক্রটি নতুন এই স্থানে আবারও জুয়ার আসর বসায়।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত ১৫ প্যাকেট তাস ও নগদ ৩৩ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসরে থাকা আরও কয়েকজন পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেপ্তার ছয়জন এবং পলাতক মূল উদ্যোক্তা ওসমান গণিসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।’