Cvoice24.com

অনুমোদন ছাড়াই বিএসটিআইয়ের লোগো ব্যবহার, ‘চিটাগং ডেইরি’কে জরিমানা

সিভয়েস২৪ প্রতিবেদক
১৮:২১, ২ সেপ্টেম্বর ২০২৬
অনুমোদন ছাড়াই বিএসটিআইয়ের লোগো ব্যবহার, ‘চিটাগং ডেইরি’কে জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন নেই। তবু বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে বাজারজাত করছে পাউডার দুধ। চিটাগং ডেইরি ফুড ইন্ডাস্ট্রিজ নামের একটি প্রতিষ্ঠান এসব মোড়কজাত করে বাজারজাত করছে ‘ডোনা ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার’। এসব অনিয়মের দায়ে চিটাগং ডেইরি ফুড ইন্ডাস্ট্রিজকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গত রবিবার (৩০ আগস্ট) নগরের আগ্রাবাদে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের উপপরিচালক ফয়েজ উল্ল্যাহ।

তিনি জানান, চিটাগং ডেইরি ফুড ইন্ডাস্ট্রিজ নামের একটি প্রতিষ্ঠানে তদারকি করে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। প্রতিষ্ঠানটির মোড়কজাত পণ্যে প্যাকেটজাতকরণের তারিখ উল্লেখ করা হয়নি। এছাড়া ‘ডোনা ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার’ পণ্যটি বিএসটিআইয়ের অনুমোদন না থাকা সত্ত্বেও বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে বাজারজাত করা হচ্ছিল। এসব অনিয়মের দায়ে চিটাগং ডেইরি ফুড ইন্ডাস্ট্রিজকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ঘোষণা করা হয়। ওইদিনই (রবিবার) জরিমানার টাকা আদায় করা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, আজ (বুধবার) আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির অভিযোগে দুই ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। ইউনিক ফার্মেসিকে ১০ হাজার টাকা এবং একেএস ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ঝুঁকিপূর্ণ মেয়াদোত্তীর্ণ ওষুধ কিংবা অননুমোদিত ও ভেজাল পণ্য বাজারজাত প্রসঙ্গে তিনি বলেন, ‘ভোক্তার জীবন ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ মেয়াদোত্তীর্ণ ওষুধ কিংবা অননুমোদিত ও ভেজাল পণ্য কোনোভাবেই বাজারজাত করতে দেওয়া হবে না। পণ্যের মান, মেয়াদ, সঠিক লেবেলিং এবং অনুমোদনের বিষয়গুলো নিয়মিত তদারকি করা হচ্ছে। অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী জরিমানা ও অন্যান্য ব্যবস্থা নেওয়া হবে।’