ডেঙ্গুর প্রকোপ বাড়ায় ১৯ ওয়ার্ডে চসিকের ক্র্যাশ প্রোগ্রাম
সিভয়েস২৪ প্রতিবেদক
ডেঙ্গুর প্রকোপ বাড়ায় চট্টগ্রাম নগরের ১৯টি ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে সপ্তাহব্যাপী বিশেষ মশক নিধন ক্র্যাশ প্রোগ্রাম শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) শুরু হওয়া এ কার্যক্রম চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। মশক নিধনের পাশাপাশি মশার প্রজননস্থল শনাক্ত করে ব্যবস্থা নিতে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আন্দরকিল্লায় মশক নিধন কার্যক্রম চলাকালে চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী বলেন, ডেঙ্গুপ্রবণ এলাকাগুলোতে ক্র্যাশ প্রোগ্রাম চালানো হচ্ছে। দিনে স্প্রে ও বিকেলে ফগিংয়ের পাশাপাশি মশার প্রজননস্থলগুলোও এ কর্মসূচির আওতায় আনা হবে।
তিনি বলেন, মশক নিধনে পরিবেশবান্ধব জৈব কীটনাশক বিটিআই ব্যবহার করা হচ্ছে। এ কার্যক্রম চলমান থাকবে।
কর্মসূচির প্রথম দিন আন্দরকিল্লা, ফিরিঙ্গিবাজার ও পাথরঘাটা ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। ৬ সেপ্টেম্বর পশ্চিম মাদারবাড়ী, পূর্ব মাদারবাড়ী ও আলকরণ। ৭ সেপ্টেম্বর পশ্চিম বাকলিয়া, পূর্ব বাকলিয়া ও দক্ষিণ বাকলিয়ায় অভিযান চালানো হবে।
৮ সেপ্টেম্বর রামপুর, উত্তর হালিশহর ও দক্ষিণ কাট্টলী এবং ৯ সেপ্টেম্বর দক্ষিণ পাহাড়তলী, জালালাবাদ ও পশ্চিম ষোলশহর ওয়ার্ডে কার্যক্রম পরিচালিত হবে। ১০ সেপ্টেম্বর উত্তর আগ্রাবাদ ও দক্ষিণ হালিশহর এবং ১২ সেপ্টেম্বর উত্তর পাহাড়তলী ও উত্তর কাট্টলী ওয়ার্ডে অভিযান চালানো হবে।
কর্মসূচির আওতায় মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থান চিহ্নিত করে সেগুলো পরিষ্কার করা হবে। প্রয়োজন অনুযায়ী এসব বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম তিন দিনে চট্টগ্রাম নগরে ২০৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আগস্টে আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ২০২। দুই মাসে ডেঙ্গুতে মারা গেছেন তিনজন।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













