নিখোঁজ আরও ২
নাজিরারটেকে ট্রলারডুবি, ২ জেলের মরদেহ উদ্ধার
উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের নাজিরারটেক সমুদ্র উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম। নিখোঁজ রয়েছেন নুরুল আলম ও মুহিব উল্লাহ। তাদের সবার বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলায়।
স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, মহেশখালীর কুতুবজোম এলাকার ফরিদুল আলমের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার নিয়ে মঙ্গলবার রাতে কয়েকজন জেলে সাগরে মাছ ধরতে যান। বৃহস্পতিবার ভোররাত চারটার দিকে ট্রলারটি নাজিরারটেক উপকূলের কাছাকাছি পৌঁছালে ঝড়ের কবলে পড়ে উল্টে যায়। ট্রলারডুবির খবর পেয়ে স্থানীয় জেলেরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে সাগর থেকে ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। আর বাকি ৬ জনের মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা হলেও নুরুল আলম ও মুহিব উল্লাহ’র সন্ধান পাওয়া যায়নি।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম বলেন, নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ দুই জেলের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
কক্সবাজার সব খবর















