ফের কমলো সোনার দাম
সিভয়েস২৪ ডেস্ক
দেশের বাজারে সোনার গহনার দাম আরও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।
স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে যাওয়ায় স্বর্ণের গহনার দাম কমানো হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দাম জানানো হয়।
নতুন দামে, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ৪ হাজার ১৯৯ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ৩ হাজার ৬১৬ টাকা কমিয়ে ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ৯৭৪ টাকা কমিয়ে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, গত ২৯ আগস্ট ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৭ হাজার ১১৫ টাকা এবং ৩১ আগস্ট ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছিল। সর্বশেষ কমানোর পর তিন দফায় ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম মোট ১৫ হাজার ৮৬৩ টাকা কমেছে।
অর্থ-বাণিজ্য সব খবর















