Cvoice24.com

পেকুয়ায় গভীর রাতে করাতকলে রহস্যজনক আগুন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি, সিভয়েস২৪
১৪:৩৯, ১ সেপ্টেম্বর ২০২৬
পেকুয়ায় গভীর রাতে করাতকলে রহস্যজনক আগুন

কক্সবাজারের পেকুয়ায় গভীর রাতে একটি করাতকলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে করাতকলের মেশিনঘর ও মজুদ করে রাখা বিপুল পরিমাণ কাঠ পুড়ে গেছে। ভুক্তভোগীর দাবি, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা এ আগুন দিয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক সোয়া ৩টার দিকে পেকুয়া পৌরসভার কবির আহমদ চৌধুরী বাজার এলাকায় কাঠ ব্যবসায়ী মো. কাইছার উদ্দিনের মালিকানাধীন করাতকলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় কাঠ ব্যবসায়ী ও করাতকল মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিনের মতো ব্যবসার কাজ শেষ করে কাইছার উদ্দিন রাতে বাড়িতে চলে যান। করাতকলে চারজন শ্রমিক কাজ করলেও তারা সেখানে রাতে থাকেন না।

রাত আনুমানিক সোয়া ৩টার দিকে বাজারের একজন পাহারাদার করাতকলে আগুন দেখতে পান। পরে তিনি কয়েকজন ব্যবসায়ীকে বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে মুহূর্তের মধ্যেই আগুন পুরো করাতকলে ছড়িয়ে পড়ে এবং মেশিনঘরসহ মজুদ কাঠ পুড়ে যায়।

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, এটি স্বাভাবিক অগ্নিকাণ্ড নয়; পরিকল্পিতভাবে করাতকলে আগুন দেওয়া হয়েছে। তারা জানান, কাইছারের করাতকলের পাশেই আরেকটি করাতকল রয়েছে। আগুনে সেটি ক্ষতিগ্রস্ত হয়নি।

ভুক্তভোগী মো. কাইছার উদ্দিন বলেন, রাত ৩টার দিকে কয়েকজন ব্যবসায়ী মোবাইল ফোনে তাকে করাতকলে আগুন লাগার খবর দেন। পরে বাড়ি থেকে ঘটনাস্থলে এসে তিনি দেখেন, তার করাতকলের সবকিছু পুড়ে গেছে।

তিনি দাবি করেন, অগ্নিকাণ্ডে তার প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কাইছার উদ্দিন বলেন, ‘আমি প্রায় ১৫ বছর ধরে এই ব্যবসা করে আসছি। কারও সঙ্গে আমার কোনো ধরনের শত্রুতা নেই। ব্যবসায়িক কোনো দ্বন্দ্বও নেই।’

স্থানীয়দের ধারণা, আগুন দেওয়ার আগে দুর্বৃত্তরা করাতকলে পেট্রোলজাতীয় কোনো দাহ্য পদার্থ ছিটিয়ে থাকতে পারে। আগুন লাগার ধরন দেখে তাদের সন্দেহ, এটি পরিকল্পিত অগ্নিসংযোগ।

ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী কাইছার উদ্দিন।