Cvoice24.com

চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচের মিলনমেলা

সিভয়েস২৪ ডেস্ক
১৮:২০, ৮ ডিসেম্বর ২০২৫
চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচের মিলনমেলা

চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচের রজতজয়ন্তী উপলক্ষে দু’দিনব্যাপী পারিবারিক পুনর্মিলনী ও বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। 

গত ৪ ডিসেম্বর ফয়েজ লেকের ‘সিপিডিএল গ্যালারিয়া’ প্রাঙ্গণে প্রথম দিনের অনুষ্ঠান এবং দ্বিতীয় দিন (৫ ডিসেম্বর) কক্সবাজারের ইনানীস্থ ‘এঙ্কর ইকো রিসোর্ট’-এ গেট টুগেদার অনুষ্ঠিত হয়।

প্রথম দিন সহপাঠী ও তাদের পরিবারের অংশগ্রহণে মিলনমেলা জমে ওঠে। দেশ-বিদেশে অবস্থানরত ব্যাচের সদস্যরা পরিবারসহ এ আয়োজনে যোগ দিয়ে এক হৃদয়ছোঁয়া পরিবেশ তৈরি হয়।

ডা. নাজমুল হাসনাঈন নওশাদ ও সুইডেন প্রবাসী ডা. শুভরক্ষিতের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয়। ব্যাচের পারস্পরিক বন্ধন, স্মৃতি ও পুনর্মিলনের গুরুত্ব তুলে ধরে স্থপতি মো. গোলাম রব্বানী চৌধুরী স্বাগত বক্তব্য দেন।

দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল স্মৃতিচারণ, প্রবাসী বন্ধুদের ভিডিও বার্তা, শিশুদের জন্য যাদু প্রদর্শনী, বন্ধুদের আবৃত্তি, কেক কাটাসহ নানা মনোজ্ঞ পর্ব। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল প্রাক্তন শিক্ষক-শিক্ষিকাদের সম্মাননা ও স্মৃতিচারণ। 

পরবর্তীতে শিক্ষকদের হাত দিয়ে মোড়ক উন্মোচন করা হয় রজতজয়ন্তী বিশেষ প্রকাশনা ‘ফিরতি ঘণ্টা’। দিনশেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও আকর্ষণীয় মেগা র‍্যাফেল ড্র।

সমাপনী বক্তব্যে প্রকৌশলী আফরাহিম নূর আগত শিক্ষক, অতিথি, পরিবারবর্গ ও স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরদিন কক্সবাজারের এঙ্কর ইকো রিসোর্টে দিনব্যাপী ভ্রমণের মধ্য দিয়ে দু’দিনের এ আয়োজন শেষ হয়।

প্রেস রিলিজ সব খবর