পেকুয়ায় ধর্মীয় নেতৃবৃন্দের সাথে ভোটার সচেতনতা ওরিয়েন্টেশন
সিভয়েস২৪ ডেস্ক
কক্সবাজারের পেকুয়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সকলের অংশগ্রহণে ভোটার অধিকার প্রয়োগ, নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা এবং অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) পেকুয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভার আয়োজন করে বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ। সহযোগিতায় ছিল আন্তর্জাতিক সংস্থা আইএফইএস। ওরিয়েন্টেশনে বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, ভান্তেসহ বিভিন্ন ধর্মের মোট ৩৪ জন ধর্মীয় নেতা অংশগ্রহণ করেন।
ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শওকত আলী চৌধুরী।
আইএসডিই বাংলাদেশ’র কর্মসূচি সমন্বয়কারী জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভায় অংশ নেন পুরোহিত ও বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার নাথ, পেকুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুমন বিশ্বাস, মাওলানা জিয়াবুল ইসলাম, মাওলানা মো. শহিদুল্লাহ, মো. বেলাল হোসেন, গৌতম বিশ্বাস, রিদুয়ানুল আলম সজীব, আইএসডিই কর্মসূচি কর্মকর্তা মো. কামাল উদ্দিন, জালাল উদ্দিন, শহিদুল ইসলামসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ধর্মীয় নেতৃবৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাঁদের মাধ্যমে সাধারণ মানুষ বিশেষ করে নতুন ভোটার, সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে ভোটার অধিকার, নির্বাচন পদ্ধতি এবং শান্তিপূর্ণভাবে ভোটদানে উদ্বুদ্ধ করা সম্ভব।
এছাড়া গণভোট বিষয়ে সাধারণ জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি এবং নির্বাচনের সময়ে গুজব ও ভুল তথ্য প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় গণভোট বিষয়ে ব্যাপক প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধির ওপরও জোর দেওয়া হয়।
মতবিনিময়কালে অংশগ্রহণকারী ধর্মীয় নেতৃবৃন্দ নিজ নিজ সম্প্রদায়ে ভোটার সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, আইএসডিই বাংলাদেশ কক্সবাজার জেলার চকরিয়া, পেকুয়া ও মহেশখালী উপজেলায় অন্তর্ভুক্তিমূলক ভোটার এডুকেশন প্রোগ্রামের আওতায় বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব কার্যক্রমের মূল লক্ষ্য একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা।
প্রেস রিলিজ সব খবর















