Cvoice24.com

আইইউবি–দৃষ্টি বিতর্কে চ্যাম্পিয়ন ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ

সিভয়েস২৪ ডেস্ক
২২:২৫, ৩১ জানুয়ারি ২০২৬
আইইউবি–দৃষ্টি বিতর্কে চ্যাম্পিয়ন ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ

ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) ও দৃষ্টি চট্টগ্রামের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো “আইইউবি–দৃষ্টি গেইম অফ লজিক” ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা। চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে মিলনায়তে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, বিশ্লেষণী দক্ষতা ও বুদ্ধিবৃত্তিক সক্ষমতার দারুণ বহিঃপ্রকাশ ঘটে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ এবং রানার আপ হয় হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। ফাইনাল পর্বে অসাধারণ পারফরম্যান্সের জন্য ‘ডিবেটার অফ দ্য ফাইনাল’ নির্বাচিত হন ফাইরুজ তাফান্নুম নুসাইবা এবং পুরো টুর্নামেন্টে ধারাবাহিক নৈপুণ্যের জন্য ‘ডিবেটার অফ দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন আফনান আনজুম নিধি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আদনান মান্নান, আইইউবির অফিস অফ অ্যাডমিশনস, ফাইন্যান্সিয়াল এইড অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস-এর ডিরেক্টর লিমা চৌধুরী, ডেপুটি ডিরেক্টর প্রিয়াঙ্কা দে ও দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল। দৃষ্টি চট্টগ্রামের সিনিয়র সহ-সভাপতি বনকুসুম বড়ুয়া নুপুরের সভাপতিত্ব অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দৃষ্টি চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক মুন্না মজুমদার ও সাংবাদিক মুজিবুল হক।

অতিথি ড আদনান মান্নান তাঁর বক্তব্যে বলেন, “গেইম অফ লজিকের মতো আয়োজন শিক্ষার্থীদের বিশ্লেষণী চিন্তা, যুক্তিবোধ ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একাডেমিক শিক্ষার পাশাপাশি এ ধরনের বুদ্ধিবৃত্তিক চর্চাই ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে সহায়ক।”

লিমা চৌধুরী বলেন, “যুক্তিনির্ভর চিন্তাশক্তি ও আত্মবিশ্বাস গড়ে তুলতে এ ধরনের প্রতিযোগিতার বিকল্প নেই। আইইউবি সবসময় শিক্ষার্থীদের মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে সহায়ক উদ্যোগের পাশে থাকবে।”

দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল তাঁর বক্তব্যে বলেন, “দৃষ্টি সবসময় যুক্তি ও মননের চর্চাকে গুরুত্ব দিয়ে এসেছে। আইইউবি–দৃষ্টি গেইম অফ লজিক শিক্ষার্থীদের বিশ্লেষণী দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশে একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করেছে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের যুক্তিবাদী সমাজ নির্মাণ করবে।”

সভাপতির বক্তব্য দৃষ্টি চট্টগ্রামের সিনিয়র সহ-সভাপতি বনকুসুম বড়ুয়া নুপুর বলেন, “যুক্তির চর্চাই পারে সমাজকে আলোকিত করতে। শিক্ষার্থীদের যে মেধা ও মননশীলতার প্রকাশ আমরা আজ দেখেছি, তা ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।”

অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উল্লেখ্য এই প্রতিযোগিতায় চট্টগ্রামের ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৮টি দল অংশ গ্রহন করে। প্রতিযোগিতায় অংশগ্রহ্নকারী প্রতিষ্ঠান হচ্ছে গানার্স ইংলিশ স্কুল, হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, সেন্ট্রাল পাবলিক স্কুল এন্ড কলেজ, বাংলাদেশ এলিমেন্টারী স্কুল, চিটাগাং গ্রামার স্কুল, সাইডার ইন্টারন্যাশনাল স্কুল, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল, সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়, ডা খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি মুসলিম হাই স্কুল।

প্রেস রিলিজ সব খবর