‘Echoes of the Earth’ আলোকচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
সিভয়েস২৪ ডেস্ক
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ এবং বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন (BPJA) এর যৌথ উদ্যোগে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা “Echoes of the Earth: Photography for the Planet” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে এক জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রদর্শনীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শার্মিন এস. মুরশিদ।
এসময় তিনি বলেন, ‘পৃথিবীজুড়ে পরিবেশ ধ্বংস হচ্ছে, আমাদের দেশের পরিস্থিতি আরও শোচনীয়। শিশুদের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হলে আমাদের যুদ্ধ করতে হবে। আজকের প্রদর্শিত ছবিগুলো দেখাচ্ছে আমরা কেমন পরিবেশে বসবাস করছি।’
ধরার সদস্য সচিব শরীফ জামিল বলেন, ‘একজন ফটো সাংবাদিকের তোলা একটি ছবি জনসচেতনতা তৈরির জন্য সবচেয়ে শক্তিশালী মাধ্যম। ঢাকা শহরের পরিবেশ কতটা ক্ষতিগ্রস্ত, তা আলোকচিত্রের মাধ্যমে সহজেই বোঝা যায়। নদী ও বায়ু দূষণের প্রকৃত চিত্র মানুষের সামনে আরও জোরালোভাবে ফুটে ওঠে।’
অনুষ্ঠানে বক্তারা টেকসই উন্নয়ন এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পরিবেশবান্ধব উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি ছিলেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ, যুক্তরাষ্ট্রের টেম্পল ইউনিভার্সিটির অধ্যাপক ড. জিয়াউদ্দিন আহমেদ, জাতীয় প্রেসক্লাব সভাপতি হাসান হাফিজ, তারা ক্লাইমেট ফাউন্ডেশন প্রোগ্রাম ডিরেক্টর ড. শওকত আরা বেগম এবং BPJA সাধারণ সম্পাদক বাবুল তালুকদার।
প্রদর্শনীতে ‘বায়ু, পানি ও মাটি দূষণ’ এবং ‘জ্বালানি ও পরিবেশ’ বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মোট ১৫০০টি ছবি জমা পড়েছিল, যার মধ্যে বিচারকদের নির্বাচনে ৩৫টি সেরা ছবি প্রদর্শনীর জন্য মনোনীত হয়।
পুরস্কার বিজয়ীদের মধ্যে জ্বালানি বিভাগে মুহাম্মদ মোস্তাফিজুর রহমান (বিডি নিউজ ২৪) প্রথম, হাবিবুর রহমান (ডেইলি স্টার) দ্বিতীয় এবং মিনহাজ উদ্দিন (বিজনেস স্ট্যান্ডার্ড) তৃতীয় হন। অন্যদিকে পরিবেশ বিভাগে প্রথম হন মামুনুর রশীদ (দৈনিক সমকাল), দ্বিতীয় পুরস্কার পান মেহেদী হাসান (আজকের পত্রিকা) এবং তৃতীয় হয়েছেন শেখ নাসির (ডেইলি স্টার)।
দুই দিনব্যাপী এই প্রদর্শনী জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে শনিবার (৭ ফেব্রুয়ারি) পর্যন্ত চলবে এবং সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
প্রেস রিলিজ সব খবর















