দিল্লির ‘মহব্বত কা শরবত’ নাকি লাভলেইনের ‘ভালোবাসার পানি’!
সিভয়েস প্রতিবেদক
'এই যে মহব্বতের শরবত! ঠান্ডা ঠান্ডা… ইফতারের আগে নিয়ে যান!' -লাভলেইনের আবেদিন কলোনিতে বিকেল নামলেই এমন ডাক শোনা যায়। গোলাপি রঙের বড় ড্রামের সামনে ভিড়। হাতে বোতল, কারও হাতে জগ। ইফতারের আগেই ফুরিয়ে যায় শত শত লিটার।
চট্টগ্রাম নগরে এবার রমজানের অন্যতম আকর্ষণ এই ‘মহব্বত শরবত’। ভারতের পুরনো দিল্লির বিখ্যাত ‘মহব্বত কা শরবত’ এখন লাভলেইনে নতুন নামে পরিচিত- ‘ভালোবাসার পানি’।
‘মহব্বত’ শব্দটি এসেছে আরবি ‘মাহাব্বাহ’ থেকে, যার অর্থ ভালোবাসা। উর্দু ও হিন্দিতে ‘মহব্বত’ মানে প্রেম বা ভালোবাসা। আর ‘শরবত’ শব্দটি ফারসি ‘শরব’ বা ‘শরবেত’ থেকে এসেছে, যার অর্থ মিষ্টি পানি। সেই অর্থে ‘মহব্বত কা শরবত’ মানে দাঁড়ায়- ভালোবাসার মিষ্টি পানি। ভাষা সচেতনতার ব্যাখ্যায় কেউ কেউ মহব্বত কা শরবতকে বলছেন- ভালোবাসার পানি।
জানা গেছে, পুরনো দিল্লির স্ট্রিট ফুড হিসেবে জনপ্রিয় এই শরবত ভারত ও পাকিস্তানে বেশ পরিচিত। ২০২১ সালের শেষ দিকে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর তা ছড়িয়ে পড়ে বিভিন্ন দেশে। এখন তার ঢেউ এসে লেগেছে চট্টগ্রামেও। প্রতি লিটার বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে দেখা যায়, লাভলেইনের আবেদিন কলোনিতে আজরাফ ফাহিম ও মো. এনাম বিক্রি করছেন শরবতটি। তাদের মতে বিকাল ৫টার পর থেকেই বাড়তে থাকে ভিড়। ইফতারের আগ পর্যন্ত চলে জমজমাট বিক্রি।
আজরাফ ফাহিম বলেন, 'প্রতিদিন প্রায় ২০০ লিটার বিক্রি করি। কেউ আধা লিটার নেয়, কেউ আবার ৪-৫ লিটারও নিয়ে যায়। অনেকেই দূর থেকে আসে। যারা কিনতে পারে না, তাদের ফ্রিতেও দিই।'
শরবত তৈরির পদ্ধতি জানাতে গিয়ে তিনি বলেন, 'দুই কাপ ঠান্ডা দুধে দুই টেবিল চামচ চিনি আর দুই টেবিল চামচ রোজ সিরাপ মিশাই। একটু এলাচ গুঁড়ো দিই। তারপর ছোট ছোট কাটা তরমুজ দিই। শেষে বরফ দিয়ে ভালো করে নাড়লেই তৈরি।”
শুধু লাভলেইন নয়। চকবাজার প্যারেড কর্নার, জিইসি মোড়, আগ্রাবাদের চৌমুহনি, হালিশহরসহ নগরের বিভিন্ন এলাকায় মিলছে এই শরবত। তবে আবেদিন কলোনির চাহিদাই বেশি। এখানে শরবতের সঙ্গে পাওয়া যাচ্ছে গাজরের হালুয়াও।
ক্রেতা নুরুল আলম বলেন, 'বাসায় বানানো যায়, কিন্তু সময় পাই না। স্বাদটা আলাদা। প্রায় প্রতিদিনই নিয়ে যাই।'
নামের মধ্যেই আবেগ আছে জানিয়ে তরুণ ক্রেতা শাহাবুদ্দিন বলেন, 'সবকিছুর আলাদা টেস্ট আছে। এই মিষ্টি পানির স্বাদ তো আছেই। কিন্তু নামের মধ্যেও একটা আবেগ ও আকর্ষণ আছে। ভালোবাসার পানি বললে যথার্থ হবে। কিন্তু মহব্বত কা শরবতে আছে আবেগ। তাই বন্ধুরা মিলে ইফতার করার জন্য তিন লিটার শরবত নিতে অক্সিজেন থেকে এসেছি।'
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













