Cvoice24.com

মুক্তি পাওয়ার পর বিএনপি এমপির সঙ্গে সাক্ষাৎ আ. লীগ নেতার

কক্সবাজার প্রতিনিধি
২৩:৫৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
মুক্তি পাওয়ার পর বিএনপি এমপির সঙ্গে সাক্ষাৎ আ. লীগ নেতার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী জেলখানা থেকে জামিনে মুক্তি পাওয়ার পরই বিএনপির সংসদ সদস্য লুৎফর রহমান কাজলের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে জামিনে মুক্তি পাওয়ার পর সোহেল জাহান পুষ্পমাল্য দিয়ে বিএনপি এমপির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় জামিনে মুক্তি পাওয়া আরেক আলোচিত ব্যক্তি ফিরোজ আহমদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা মুহূর্তেই ভাইরাল হয়। বিষয়টি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। 

উপজেলা পর্যায়ের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একজন আওয়ামী লীগ নেতার প্রকাশ্যে বিএনপি এমপির সঙ্গে সাক্ষাৎ নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিতে পারে। এতে উপজেলা বিএনপির ভেতরে ও বাইরে নতুন করে মেরুকরণ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

এর আগে, ২৮ জানুয়ারি দিবাগত রাতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে ঈদগাঁওয়ের পালপাড়াসহ বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রচারণায় অংশ নেন সোহেল জাহান চৌধুরী। বিষয়টি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

পরদিন ২৯ জানুয়ারি সকাল ছয়টার দিকে নিজ বাড়ি থেকে যৌথবাহিনী তাকে আটক করে। পরে আইনি প্রক্রিয়া শেষে বুধবার তিনি জামিনে মুক্তি পান।

স্থানীয়রা বলছেন, সাম্প্রতিক এই ঘটনাপ্রবাহ ঈদগাঁওয়ের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। তবে সংশ্লিষ্টদের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেব ও সাধারণ সম্পাদক ইমরুল রাশেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার কারণে সোহেল জাহান চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া তার প্রাথমিক সদস্যপদ স্থায়ীভাবে বাতিল করে কক্সবাজার জেলা আওয়ামী লীগের কাছে সুপারিশ করা হয়েছে।