চকরিয়ায় বাড়ি থেকে ডেকে নেয়ার পর যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সিভয়েস২৪ ডেস্ক
কক্সবাজারের চকরিয়ায় বাড়ি থেকে ডেকে নেওয়ার কয়েক ঘণ্টা পর মোহাম্মদ মুজিব (৪০) নামের এক যুবককে তামাক ক্ষেত থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ আরিফ (২৮) নামের এক যুবককে আটক করে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত এগারটার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের হযরত শাহ ওমর মাজার পশ্চিমে সেবাখোলা সংলগ্ন এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত মুজিব কসাই পাড়ার মৃত ফকির মোহাম্মদের ছেলে এবং স্থানীয় বাজারে মাংস বিক্রি করতেন।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ছয়টার দিকে আরিফ মুজিবকে ডেকে নিয়ে যায়। কয়েক ঘণ্টা পর তার মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে স্থানীয়রা হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো অবস্থায় তাকে তামাক ক্ষেত থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের অভিযোগ, মুজিব ও আরিফ এবং তার পরিবারের মধ্যে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতা চলছিল। এর ফলে বিভিন্ন সময়ে মারামারি ও আদালতে মামলা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে আরিফকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, লিখিত অভিযোগ প্রাপ্তির পর থানায় মামলা রুজু করা হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কক্সবাজার সব খবর















