Cvoice24.com

সেন্টমার্টিনে কেয়াগাছ কেটে রিসোর্ট নির্মাণ; দুইজনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক, সিভয়েস২৪
১৮:১২, ২০ ফেব্রুয়ারি ২০২৬
সেন্টমার্টিনে কেয়াগাছ কেটে রিসোর্ট নির্মাণ; দুইজনের বিরুদ্ধে মামলা

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে কেয়াগাছ কেটে রিসোর্ট নির্মাণের অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বন বিভাগ। পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক মুসাইব ইবনে রহমান মামলাটি টেকনাফ থানায় দায়ের করেছেন। 

অভিযুক্তরা হলেন সেন্টমার্টিন দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা মৃত নুরুল ইসলামের ছেলে কেফায়েত আল্লাহ এবং রিসোর্ট মালিক নুর মোহাম্মদ খান।

মামলার এজাহারে বলা হয়েছে, দ্বীপের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকায় রিসোর্ট নির্মাণের জন্য কয়েকটি কেয়া গাছ কাটা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা যাচাই করে।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের পরিচালক জমির উদ্দিন জানিয়েছেন, বীচের পাশে গাছ কাটা ও অবৈধ রিসোর্ট নির্মাণের কারণে মামলা করা হয়েছে। তদন্তে যদি আরও কেউ জড়িত থাকে, তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, ১৯৯৯ সালে সেন্টমার্টিনকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করা হয়। ইসিএ-এর বিধি অনুযায়ী, দ্বীপে এমন কোনো কাজ করা যাবে না যা পানি, মাটি, বায়ু বা প্রাণীর ক্ষতি ঘটাতে পারে। ২০২২ সালে সরকার সেন্টমার্টিনকে মেরিন প্রটেকটেড এরিয়া ঘোষণা করে। বর্তমানে ২৩৭টির বেশি হোটেল, রিসোর্ট ও কটেজ নির্মিত হলেও দ্বীপের প্রবাল প্রজাতি ১৪১টি থেকে কমে ৪০টিতে নেমেছে এবং বৃক্ষ আচ্ছাদিত এলাকা কমে গেছে।