Cvoice24.com

রোজায় সিন্ডিকেট করলে ছাড় নয়: খাতুনগঞ্জে মেয়রের হুঁশিয়ারি

সিভয়েস২৪ ডেস্ক
২০:৩৮, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
রোজায় সিন্ডিকেট করলে ছাড় নয়: খাতুনগঞ্জে মেয়রের হুঁশিয়ারি

চট্টগ্রাম নগরের সিটি মেয়র শাহাদাত হোসেন বলেছেন, রোজার মাসে যারা সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়াবে এবং সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রমজানকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে নগরের খাতুনগঞ্জ পাইকারি বাজার পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

মেয়র বলেন, ‘সারা বিশ্বের মুসলিম দেশগুলোতে রমজান মাসে ভর্তুকি দিয়ে পণ্য বিক্রি করা হয়। এখানে আমাদেরও আহ্বান থাকবে, ব্যবসায়ীরা নৈতিকভাবে দায়িত্বশীল হোক। সিন্ডিকেট করলে আমরা স্পেস দেব না। যারা সিন্ডিকেট করে মানুষের ভোগান্তি সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে ইনশাল্লাহ ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মূল্যবৃদ্ধি বা ভোক্তাদের সঙ্গে প্রতারণা কোনোভাবেই সহ্য করা হবে না। ফুটপাত দখল এবং মূল্য তালিকা প্রদর্শন না করাও আইন লঙ্ঘনের শামিল—এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন তিনি।

মেয়র জানান, বড় বাজারগুলো—কাজীর দেউড়ি, চকবাজার, বহদ্দারহাট ও পাহাড়তলি—নিয়মিত মনিটরিং করা হচ্ছে। পাইকারি ও খুচরা বাজারের দামের মধ্যে অস্বাভাবিক পার্থক্য রয়েছে কি না, সেটিও নজরদারিতে রাখা হয়েছে।

পরিদর্শনকালে তিনি বিভিন্ন আড়ত ঘুরে চাল, ডাল, চিনি, তেল, ছোলা ও খেজুরসহ রমজানকেন্দ্রিক নিত্যপণ্যের মজুদ ও সরবরাহ পরিস্থিতি খতিয়ে দেখেন। ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করে বাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, রমজানজুড়ে বাজারে শৃঙ্খলা ও মূল্য স্থিতিশীলতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিদর্শন শেষে মেয়র খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গেও মতবিনিময় করেন।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর