Cvoice24.com

সাতকানিয়ায় মাটি কাটার দায়ে দু’জনকে কারাদণ্ড

সিভয়েস২৪ ডেস্ক
২০:৪৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
সাতকানিয়ায় মাটি কাটার দায়ে দু’জনকে কারাদণ্ড

চট্টগ্রামের সাতকানিয়ায় রাতের আঁধারে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালত ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছে। এ সময় আটটি মাটিকাটার যন্ত্র (এস্কেভেটর) ও ১৬টি ডাম্প ট্রাক বিকল করা হয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) মধ্যরাত ১২টা থেকে রাত আড়াইটা পর্যন্ত উপজেলার পাঠানিপুল সংলগ্ন নয়াখাল এলাকায় সেনাবাহিনীর একটি টিম এ অভিযান পরিচালনা করে। 

অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ ।

আটকরা হলেন— চন্দনাইশ উপজেলার বাগিচাহাট এলাকার মো. আবুল হোসেনের ছেলে শাহাদাত হোসেন হৃদয় (২২) এবং দক্ষিণ গাছবাড়িয়া পালপাড়া এলাকার মুকুন্দ দাশের ছেলে তপন দাশ (৪৫)।

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান জানান, আদালত পরিচালনা করে দুই ব্যক্তিকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ক্যাম্প কমান্ডার জানান, আটক দুই ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাটি কাটার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছেন। এ ছাড়া ঘটনাস্থলেই আটটি এস্কেভেটর ও ১৬টি ডাম্প ট্রাক বিকল করা হয়।


 

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর