অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি তৈরি, জরিমানা দিলেন দুই হোটেল মালিক
সিভয়েস২৪ ডেস্ক
চট্টগ্রাম নগরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতারি সামগ্রী তৈরি ও বিক্রি করার দায়ে দুই হোটেলকে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) নগরের পাঠানটুলী চৌমুহনী মোড় এলাকায় চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে দেখা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতারি সামগ্রী প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি খাবারে ক্ষতিকর টেস্টিং সল্ট ব্যবহার এবং রাস্তা দখল করে খোলা অবস্থায় ইফতারি বিক্রি করার অভিযোগও পাওয়া যায়।
এসব অপরাধে পাঠানটুলী চৌমুহনী মোড়ের ‘হানিফ হোটেল’কে ১০ হাজার টাকা এবং ‘মাওলানা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, ‘রমজানকে কেন্দ্র করে ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার বিক্রি ঠেকাতে নিয়মিত তদারকি জোরদার করা হবে।’
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













