৭০ বছরের হাকিমের সঙ্গে ২২ বছরের তরুণীর বিয়ে, সামাজিক মাধ্যমে তোলপাড়
আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরের চাকলালা স্কিম–৩ এলাকায় ৭০ বছর বয়সী হাকিম বাবর ও ২২ বছর বয়সী এক তরুণীর বিয়ে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বয়সের প্রায় পাঁচ দশকের ব্যবধানের এই বিয়ে নিয়ে গত এক সপ্তাহ ধরে চলছে তর্ক-বিতর্ক।
স্থানীয় কয়েকজন কনটেন্ট নির্মাতা দম্পতির বাড়িতে গিয়ে ভিডিও ধারণ ও সাক্ষাৎকার প্রকাশ করলে বিষয়টি ভাইরাল হয়ে পড়ে। বিভিন্ন প্ল্যাটফর্মে কেউ তাদের সিদ্ধান্তকে ব্যক্তিগত স্বাধীনতার অংশ হিসেবে দেখছেন, আবার কেউ বয়সের বড় পার্থক্য নিয়ে প্রশ্ন তুলছেন।
এক ভিডিও সাক্ষাৎকারে হাকিম বাবর জানান, তাদের বিয়েটি পারিবারিক সম্মতি ও পারস্পরিক ভালোবাসার ভিত্তিতেই সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ‘আমরা একে অপরকে পছন্দ করতাম। বিশেষ করে আমার স্ত্রীই প্রথমে প্রেমে পড়েছিলেন। পরে দুই পরিবারের উপস্থিতিতে নিয়ম মেনে নিকাহ সম্পন্ন করি।’
পাশে থাকা তার স্ত্রীও একই বক্তব্য সমর্থন করে বলেন, ‘ভালোবাসা হলে বয়স কোনো বাধা নয়। মানুষের মনটা গুরুত্বপূর্ণ।’
বয়সের বড় ব্যবধান নিয়ে সমালোচনার জবাবে হাকিম বাবর বলেন, ‘বয়স কেবল একটি সংখ্যা। মনটা তরুণ থাকলেই হয়। আমি কোনো অনৈতিক কাজ করিনি। ইসলামী শরিয়ত অনুযায়ী বিয়ে করেছি।’
তিনি আরও জানান, তার স্ত্রী তালাকপ্রাপ্ত ছিলেন এবং তাকে বিয়ে করা ইসলামী বিধানসম্মত। সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা আমাদের নিয়ে কথা বলছেন, তাদের অনেকেই নিজের জীবনে অনৈতিক সম্পর্কে জড়িত। আমি বৈধভাবে বিয়ে করেছি—এতে দোষের কিছু নেই।’
দম্পতি জানান, আসন্ন ঈদুল ফিতরের পর তারা সৌদি আরব গিয়ে ওমরাহ পালনের পরিকল্পনা করেছেন। এরপর ইউরোপের নেদারল্যান্ডস ভ্রমণেরও ইচ্ছা রয়েছে তাদের।
অন্যদেশ সব খবর















