Cvoice24.com

বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ মঙ্গলবার

আন্তর্জাতিক ডেস্ক
১২:১৪, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ মঙ্গলবার

বিশ্বের আকাশে ২০২৬ সালের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটতে যাচ্ছে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে এবং রাত ৮টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হবে। তবে গ্রহণের সময় বাংলাদেশে সন্ধ্যা ও রাত থাকায় এ দেশ থেকে এটি দেখা যাবে না।

এটি সরাসরি দেখা যাবে আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা মহাদেশের বিভিন্ন অঞ্চল থেকে।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, চাঁদ যখন পৃথিবী থেকে দূরে থাকে তখন তাকে তুলনামূলক ছোট দেখা যায়। ফলে ছোট চাঁদ বড় সূর্যকে পুরোপুরি ঢাকতে পারে না এবং সূর্যের চারপাশে আলোর একটি বলয় বা আংটির মতো অংশ দেখা যায়। এই ঘটনাকেই বলয়গ্রাস সূর্যগ্রহণ বলা হয়।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণের মতোই বলয়গ্রাসের সময়ও একটি নির্দিষ্ট ‘ছায়াপথ’ তৈরি হয়। পৃথিবীর যেসব অঞ্চল সেই পথে পড়ে, সেখান থেকেই এ বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা দেখা সম্ভব।