Cvoice24.com

যুক্তরাষ্ট্রের যেকোনও হামলার ‘ভয়ঙ্কর’ জবাব দেওয়া হবে : ইরান

আন্তর্জাতিক ডেস্ক
২০:৪২, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের যেকোনও হামলার ‘ভয়ঙ্কর’ জবাব দেওয়া হবে : ইরান

যুক্তরাষ্ট্রের যে কোনো মাত্রার হামলা— এমনকি সীমিত হলেও ইসলামি প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে ‘ভয়ঙ্করভাবে’ প্রতিহত করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সীমিত হামলার কথা বিবেচনা করছেন বলে জানানোর পর সোমবার তেহরান এই হুঁশিয়ারি দিয়েছে।

বৃহস্পতিবার পুনরায় শুরু হতে যাওয়া পারমাণবিক আলোচনায় ইরানকে চুক্তিতে রাজি করাতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র সামরিক শক্তি মোতায়েন করেছে। বৈঠকে কোনও সমঝোতা না হলে তেহরানে সীমিত হামলার সম্ভাবনা থাকার কথা বলেছেন ট্রাম্প।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সীমিত হামলাসহ যেকোনও আঘাতই ‘আগ্রাসন’ হিসেবে গণ্য হবে। তেহরানের সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেছেন, ‘যেকোনও রাষ্ট্র তার আত্মরক্ষার স্বাভাবিক অধিকারের অংশ হিসেবে আগ্রাসনের জবাবে ভয়ঙ্করভাবে প্রতিক্রিয়া জানায়; আমরাও তা করব।’

মধ্যস্থতার জন্য ওমানের ভূমিকা থাকলেও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যুদ্ধ এড়ানোর আহ্বান জানিয়েছে। ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস বলেছেন, ‘এ অঞ্চলে আরেকটি যুদ্ধের দরকার নেই। বর্তমান পরিস্থিতিকে কূটনৈতিক সমাধানে ব্যবহার করা উচিত।’

ইরানের পক্ষ থেকে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, আর যুক্তরাষ্ট্রের পক্ষে প্রতিনিধিত্ব করছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার।

ইরান ইতোমধ্যে দেশের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করবে বললেও, পশ্চিমা দেশগুলো সন্দেহ করছে এটি পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্যে। দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ এখনও চলছে। সামরিক পদক্ষেপের হুমকি সত্ত্বেও রোববার ইরানের বিশ্ববিদ্যালয় ও শহরে জেন-জিদের নেতৃত্বে বিক্ষোভ দেখা গেছে।

নতুন সংঘাতের আশঙ্কায় বিদেশি নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে সুইডেন, সার্বিয়া, পোল্যান্ড, অস্ট্রেলিয়া এবং সোমবার ভারত।