হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক সক্ষমতা নিয়ে নতুন দফার আলোচনার মধ্যেই আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এবিসি নিউজ।
ইরান জানিয়েছে, নিরাপত্তা ও নৌ চলাচল-সংক্রান্ত উদ্বেগের কারণে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট এই প্রণালী সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে একই সময়ে সেখানে সামরিক মহড়া পরিচালিত হওয়ায় বাড়তি নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে বলে দাবি তেহরানের।
বিশ্লেষকদের মতে, এই ব্যতিক্রমী পদক্ষেপকে কেবল নিরাপত্তাজনিত সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ কম। কারণ এমন সময়েই এই ঘোষণা এলো, যখন যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে সামরিক উপস্থিতি জোরদার করেছে এবং কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে।
জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়–এর মধ্যপ্রাচ্য অধ্যয়ন কর্মসূচির পরিচালক সিনা এজোদি বলেন, ‘যেদিন তারা আমেরিকানদের সঙ্গে আলোচনা করছে, সেদিনই এই ঘটনা ঘটছে—এটা কাকতালীয় বলে আমি মনে করি না।’
তিনি আরও বলেন, ‘ইরান বহু দশক ধরে নিজেকে পারস্য উপসাগরে নিয়ন্ত্রক শক্তি হিসেবে তুলে ধরতে চেয়েছে। প্রণালী বন্ধের ঘোষণার মাধ্যমে তারা মূলত এই বার্তাই দিতে চেয়েছে যে, সেখানে নিয়ন্ত্রণ কার হাতে রয়েছে।’
প্রসঙ্গত, হরমুজ প্রণালী বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে বিবেচিত, ফলে এর যেকোনো অস্থিরতা আন্তর্জাতিক বাজারে তেলের দামে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে।
অন্যদেশ সব খবর














