রাউজানে ইউপি চেয়ারম্যানকে হত্যার চেষ্টা, ৩৮ ঘণ্টায়ও গ্রেপ্তার নেই কেউ
রাউজান প্রতিনিধি
চট্টগ্রামের রাউজানে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়া (৪৫)। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া বাদি হয়ে অজ্ঞাত ৭/৮জনকে আসামি করে মামলা দায়ের করেন।
এরআগে গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে নোয়াপাড়া পথের হাট থেকে
বাড়ি ফেরার পথে সিএনজি চালিত অটোরিকশার গতি রোধ করে গুলি করে হত্যাচেষ্টা করে দুর্বৃত্তরা। তবে দুর্বৃত্তদের গুলি লক্ষভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান তিনি।
এদিকে ঘটনার একদিন পেরিয়ে গেলেও ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার কিংবা শনাক্ত করতে পারেনি পুলিশ। এনিয়ে ক্ষুব্ধ স্থানীয় নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের ব্যানারে বিক্ষোভ ও প্রতিবাদ সামাবেশ করে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দেয় নেতাকর্মীরা।
রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি নম্বরবিহীন সিএনজি চালিত অটোরিকাশা, একটি চাপাতি, একটি রাম দা ও একটি ছোরা উদ্ধার করে। যেহেতু গুলি করে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে সেহেতু গুলির খোসা পাওয়া গেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, খোসা বা কার্তুজ পাওয়া যায়নি। ৭/৮জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা চেষ্টা মামলা হয়েছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, হত্যা চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













