লোহাগাড়ায় ঝাড়ু হাতে মাঠে এমপি শাহজাহান চৌধুরী
লোহাগাড়া প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়ার বটতলী শহরে ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বটতলী স্টেশন এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্র ঘোষিত “পরিচ্ছন্ন অভিযান” কর্মসূচির অংশ হিসেবে বটতলী শহর শাখার উদ্যোগে এ কার্যক্রমের আয়োজন করা হয়। উদ্বোধনের পর এমপি শাহজাহান চৌধুরী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সড়ক পরিষ্কার কার্যক্রমে সরাসরি অংশ নেন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের আহ্বানে গ্রীন সিটি, ক্লিন সিটি গড়ে তুলতে একটি সুন্দর ও বাসযোগ্য সমাজ নির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে নাগরিকদেরও সচেতন হতে হবে। যেখানে-সেখানে ময়লা না ফেলে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানান তিনি।
এমপি আরও বলেন, লোহাগাড়া ও সাতকানিয়াকে পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও পরিবেশবান্ধব এলাকায় পরিণত করতে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে চালানো হবে।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী ও বটতলী শহর জামায়াতের আমির অধ্যাপক জালাল আহমদ। এ ছাড়া বটতলী শহর পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী নরুল আলম, শহর শাখার সেক্রেটারি ডা. আক্তার আহমদ, মাওলানা আকতারুল কামালসহ স্থানীয় নেতৃবৃন্দ ও দলীয় কর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে অংশ নিয়ে তাঁরা বটতলী স্টেশন সড়ক ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













