Cvoice24.com

টপসয়েল রক্ষায় গভীর রাতে অভিযান, অনুসরণ করে জেলে গেলেন যুবক

হাটহাজারী প্রতিনিধি, সিভয়েস২৪
২৩:৩৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
টপসয়েল রক্ষায় গভীর রাতে অভিযান, অনুসরণ করে জেলে গেলেন যুবক

চট্টগ্রামের হাটহাজারীতে কৃষিজমির টপসয়েল কাটার ঘটনা অনুসরণ করায় মো. জুয়েল মিয়া নামে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ধলই ইউনিয়নের ধলইপুল এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষিজমির টপসয়েল কর্তনের গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। তবে ম্যাজিস্ট্রেটের উপস্থিতির খবর পেয়ে মূল অপরাধীরা পালিয়ে যায়।

অভিযানের সময় মো. জুয়েল মিয়া নামে এক যুবক মোটরসাইকেলে করে ম্যাজিস্ট্রেটের অবস্থান অনুসরণ করে অভিযুক্তদের তথ্য সরবরাহ করছিলেন বলে অভিযোগ পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তিনি বিষয়টি স্বীকার করেন বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০১০ এবং দণ্ডবিধি, ১৮৬০–এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১৫ দিনের কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর