সল্টগোলা রেলক্রসিংয়ে বাসে লোকোমোটিভের ধাক্কা
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম নগরের সল্টগোলা রেলক্রসিংয়ে একটি মিনিবাসে লোকোমোটিভের ধাক্কা লেগে বাসের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। তবে এতে কোনো যাত্রী হতাহত হননি। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইফতারের আগে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একটি লোকোমোটিভ হালিশহরের দিকে অবস্থিত চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) যাচ্ছিল। এ সময় নগরের ১০ নম্বর রুটের একটি মিনিবাস দ্রুতগতিতে রেললাইনে উঠে পড়লে লোকোমোটিভটি বাসটির পেছনে ধাক্কা দেয়। তবে লোকোমোটিভের গতি কম থাকায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
সল্টগোলা রেলক্রসিংয়ের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. মনিরুল ইসলাম বলেন, ‘লোকোমোটিভের ধাক্কায় বাসের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। কোনো যাত্রী আহত হননি। বাসটি সিগন্যাল উপেক্ষা করে রেলপথ পার হওয়ার চেষ্টা করছিল।’
পুলিশ জানায়, সল্টগোলা রেলক্রসিংয়ে সপ্তাহে অন্তত দুই-তিনবার এ ধরনের ঘটনা ঘটে। এখানে কোনো ব্যারিয়ার না থাকায় ট্রাফিক পুলিশ ও রেলকর্মীরা হাতের ইশারার মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রণ করেন।
স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনা এড়াতে দ্রুত ব্যারিয়ার স্থাপন এবং সিগন্যাল ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়েছেন।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













