Cvoice24.com

তিন মাস ১৫ দিনের নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে শুরু মৎস্য আহরণ

রাঙামাটি প্রতিনিধি
১৯:৩৯, ১১ আগস্ট ২০২৬
তিন মাস ১৫ দিনের নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে শুরু মৎস্য আহরণ

তিন মাস ১৫ দিনের নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে শুরু হয়েছে মৎস্য আহরণ। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে হ্রদে মাছ ধরা শুরু করেন জেলেরা।

এর আগে কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি, মজুদ ও ভারসাম্য রক্ষার লক্ষ্যে গত ২৫ এপ্রিল থেকে ৩১ জুলাই পর্যন্ত হ্রদে সব ধরনের মৎস্য আহরণ, বাজারজাতকরণ ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরে নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বাড়ানো হয়।

নিষেধাজ্ঞা শেষে মাছ ধরতে সোমবার বিকেল থেকেই জেলেরা জাল ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে হ্রদের বিভিন্ন এলাকার উদ্দেশে জেলেপল্লি থেকে রওনা হন। মঙ্গলবার সকাল ৬টা থেকে রাঙামাটি ফিশারিঘাটসহ বিভিন্ন মৎস্য অবতরণ ঘাটে জেলেদের বোট আসতে শুরু করে। এতে কর্মচঞ্চল হয়ে ওঠে মৎস্য অবতরণ ঘাটগুলো। একই সঙ্গে সচল হয়েছে জেলার বরফকলগুলোও।

সকাল থেকেই সরকারি রয়্যালটি দিয়ে ধরা মাছ দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো শুরু করেন মৎস্য ব্যবসায়ীরা।

রাঙামাটি মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মো. কবির হোসেন বলেন, “তিন মাসেরও বেশি সময় পর কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু হয়েছে। এতে আমরা আনন্দিত। প্রথম দিন চাপিলা ও কাঁচকি মাছই বেশি এসেছে। তবে মাছের আকার ছোট। আরও কয়েকদিন গেলে বোঝা যাবে বড় মাছের অবস্থা কেমন হয়েছে।”

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) রাঙামাটির ব্যবস্থাপক ফয়েজ আল করিম বলেন, “আজ সকাল থেকে অবতরণ ঘাটে মাছ আসতে শুরু করেছে। অবতরণ ঘাট থেকে মাছ দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে। তবে মাছ ছোট—বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা চেয়েছিলাম আরও ১৫ দিন পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে। কিন্তু মৎস্য ব্যবসায়ীদের কারণে তা সম্ভব হয়নি।”

নিষেধাজ্ঞা শেষে মাছ আহরণ শুরু হওয়ায় কাপ্তাই হ্রদকেন্দ্রিক জেলে, মৎস্য ব্যবসায়ী, বরফকল ও পরিবহনসহ সংশ্লিষ্ট বিভিন্ন খাতে আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর