মিরসরাইয়ের ঝর্ণায় পড়ে আহত ময়মনসিংহের শিক্ষার্থী, হারিয়েছেন স্মৃতি
মিরসরাই প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের মিরসরাইয়ে নাপিত্তাছড়া ঝর্ণায় পাথরে পা পিছলে পড়ে আহসান হাবীব ইমরোজ (২১) নামে এক কলেজছাত্র গুরুতর আহত হয়েছেন। মাথায় আঘাত পাওয়ার পর তিনি কিছু মনে করতে পারছিলেন না। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের নাপিত্তাছড়া ঝর্ণায় এ দুর্ঘটনা ঘটে।
আহত আহসান হাবীব ইমরোজ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার ভাবকীড় মোড় এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি ফুলবাড়িয়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, স্থানীয়দের কাছ থেকে সকাল ১০টা ১৫ মিনিটের দিকে নাপিত্তাছড়া ঝর্ণায় এক পর্যটক আহত হওয়ার খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের উদ্যোগে তাকে উদ্ধার করা হয়। আহত অবস্থায় তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুসরাত জাহান সুরভি জানান, ইমরোজের মাথায় আঘাত রয়েছে। তিনি কিছু মনে করতে পারছিলেন না। তার মাথায় সিটি স্ক্যান প্রয়োজন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতের বন্ধু মারুফ হাসান জানান, তারা সকালে কয়েকজন বন্ধু মিলে নাপিত্তাছড়া ঝর্ণায় ঘুরতে আসেন। একপর্যায়ে ঝর্ণার পাথরে পা পিছলে নিচে পড়ে গিয়ে ইমরোজ আহত হন। পরে তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













