Cvoice24.com

বিএসসির মহাব্যবস্থাপক সোহেল পারভেজসহ চট্টগ্রামে তিন কর্মকর্তার পদায়ন-বদলি

সিভয়েস২৪ প্রতিবেদক
২৩:৩২, ৭ সেপ্টেম্বর ২০২৬
বিএসসির মহাব্যবস্থাপক সোহেল পারভেজসহ চট্টগ্রামে তিন কর্মকর্তার পদায়ন-বদলি

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) মহাব্যবস্থাপক (উপসচিব) মো. সোহেল পারভেজকে বদলি করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) করা হয়েছে। একই দিনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) ও চট্টগ্রাম জোনাল সেটেলমেন্ট অফিসেও দুই কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ, প্রেষণ-১ ও প্রেষণ-২ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এসব আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিএসসির মহাব্যবস্থাপক (উপসচিব) মো. সোহেল পারভেজকে বদলিপূর্বক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) পদে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোরশেদ ড. গোলাম মোরশেদ স্বাক্ষর করেছেন।

অন্যদিকে, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মিজ নূর-এ-জান্নাত রুমিকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁকে বদলিপূর্বক চউকের সচিব পদে প্রেষণে নিয়োগের জন্য তাঁর চাকরি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

নূর-এ-জান্নাত রুমি বর্তমানে বাংলাদেশ রেলওয়ে (পূর্বাঞ্চল) বিভাগের ভূ-সম্পত্তি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তাঁকে চট্টগ্রাম জোনাল সেটেলমেন্ট অফিসের জোনাল সেটেলমেন্ট অফিসার পদে বদলির আদেশ দেওয়া হয়েছিল।

এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) অভিষেক দাশকে চট্টগ্রাম জোনাল সেটেলমেন্ট অফিসের জোনাল সেটেলমেন্ট অফিসার পদে পদায়নের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা অভিষেক দাশকে বদলিপূর্বক জোনাল সেটেলমেন্ট অফিসার, জোনাল সেটেলমেন্ট অফিস, চট্টগ্রাম পদে পদায়নের জন্য তাঁর চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

তিনি বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তাঁকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) সচিব পদে বদলির আদেশ দেওয়া হয়েছিল।

অভিষেক দাশ ও নূর-এ-জান্নাত রুমি—দুজনের ক্ষেত্রেই জনস্বার্থে জারি করা আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে পৃথক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপন দুটিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষর করেছেন।