স্ত্রীর চোখের সামনে সাগরে তলিয়ে গেলেন শামীম, ১৮ ঘণ্টা পর মিললো মরদেহ
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের পেকুয়ায় স্ত্রীর চোখের সামনে বোটে ওঠার সময় সাগরে পড়ে নিখোঁজ হওয়া যুবক শামীমের (৩০) মরদেহ ১৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মগনামা লঞ্চঘাটসংলগ্ন মগনামা-কুতুবদিয়া চ্যানেল থেকে নৌবাহিনীর পাঁচ সদস্যের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহের সঙ্গে থাকা এক জোড়া জুতা ও একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
নিহত শামীম ভোলা জেলার ইলিশিয়া ঘাট এলাকার মসলেম উদ্দিনের ছেলে। তিনি চট্টগ্রামের একটি শিপিং কোম্পানিতে কর্মরত ছিলেন।
স্বজনরা জানান, করিমা বেগম অসুস্থ থাকায় তাকে বাবার বাড়িতে রেখে আসতে শনিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম শহর থেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে কুতুবদিয়ার উদ্দেশে রওনা হন শামীম। বিয়ের এক বছর পর এটাই ছিল স্ত্রীর সঙ্গে তার প্রথম শ্বশুরবাড়ি যাওয়া।
দুপুর আড়াইটার দিকে তারা পেকুয়ার মগনামা ইউনিয়নের মগনামা জেটিঘাটে পৌঁছান। কুতুবদিয়াগামী ডেনিস বোট ঘাটে এলে দুজন বোটে ওঠার জন্য সিঁড়ির দিকে এগিয়ে যান। এ সময় হঠাৎ পা পিছলে সাগরের পানিতে পড়ে যান শামীম। মুহূর্তের মধ্যেই স্রোতের টানে তিনি তলিয়ে যান।
ঘটনার পর স্থানীয় লোকজন ও বোটের মাঝিরা উদ্ধারের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযানে যোগ দেন। পেকুয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ শফিউল আলম জানান, শনিবার বিকেল ৩টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত অভিযান চালানো হয়। তবে ডুবুরি দল না থাকায় তখন শামীমের সন্ধান পাওয়া যায়নি।
পরে রবিবার সকাল ৬টার দিকে চট্টগ্রাম থেকে নৌবাহিনীর পাঁচ সদস্যের ডুবুরি দল এসে পুনরায় উদ্ধার অভিযান শুরু করে। আড়াই ঘণ্টার মধ্যে সকাল সাড়ে ৮টার দিকে জেটিঘাটের নিচ থেকে শামীমের মরদেহ উদ্ধার করা হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘সকালে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
কক্সবাজার সব খবর















