মিরসরাই ইকোনোমিক জোনে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল ঠিকাদারের
মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫) আহত হয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের প্রবেশমুখের সিপি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ হোসেন (৩৪) ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের সওদাগর হাট এলাকার এনামুল হকের ছেলে। তিনি জাতীয় অর্থনৈতিক অঞ্চলে ঠিকাদারি ব্যবসার পাশাপাশি স্কেভেটর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মোহাম্মদ হোসেন (৩৪) সিএনজি অটোরিকশা থেকে সড়কের ডান পাশে নামেন। ভাড়া পরিশোধ করার সময় পেছন থেকে একটি কনটেইনারবাহী ট্রাক (নং চট্ট মেট্টো ট ১১-২২৩৬) সিএনজিকে ধাক্কা দিলে মোহাম্মদ হোসেন গুরুতর আহত হন। এসময় সিএনজি চালক সাইফুল ইসলামও আহত হন।
আহত মোহাম্মদ হোসেনকে প্রথমে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুর নবী রাহাত জানান, আহত রোগীর অবস্থা ক্রিটিক্যাল ছিলো। আমরা চমেক হাসপাতালে রেফার করছি।
জাতীয় অর্থনৈতিক অঞ্চলের শিল্পজোন পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. লুৎফর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মোহাম্মদ হোসেন গুরুতর আহত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে ভর্তি করা হলে সন্ধায় চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিএনজি চালক সাইফুল ইসলাম আহত হয়েছেন। দুর্ঘটনায় জড়িত কনটেইনার ও চালক পুলিশ হেফাজতে রয়েছে।’
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














