Cvoice24.com

খুলশীতে হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হত্যায় প্রেমিক গ্রেপ্তার

সিভয়েস২৪ প্রতিবেদক
১৭:০৭, ৭ সেপ্টেম্বর ২০২৬
খুলশীতে হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হত্যায় প্রেমিক গ্রেপ্তার

চট্টগ্রামের খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়া হত্যার ঘটনায় মো. মোমিন ওরফে শেখ রনি (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ঘটনার পরপরই তদন্ত শুরু করে তারা। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় একজনকে শনাক্ত করা হয়। পরে বিশেষ অভিযান চালিয়ে মোমিনকে গ্রেপ্তার করা হয়।

ওসি মোহাম্মদ আবদুর রহিম বলেন, জিজ্ঞাসাবাদে মোমিন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন বলে জানিয়েছেন। এ কারণে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আর্থিক দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

গ্রেপ্তার মোমিন চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার সব্দলপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি চট্টগ্রামের পাহাড়তলী থানার পাঠানপাড়া এলাকায় ফাল্গুনী হিজড়া নামের এক হিজড়া নেত্রীর বাড়িতে থাকতেন। পুলিশ জানিয়েছে, স্থানীয়ভাবে তিনি ফাল্গুনী হিজড়ার ‘কথিত স্বামী’ হিসেবে পরিচিত।

এর আগে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আমবাগান রেলওয়ে কলোনি-সংলগ্ন হিজড়া কলোনির একটি বাসা থেকে মৌসুমী হিজড়ার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই বাসায় একা থাকতেন। ঘটনার পর বাসাটির কাছের একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে পুলিশ।