চট্টগ্রামে দুই শিশুর পেটে মিলল সাড়ে ৬ হাজার ইয়াবা
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রামের আনোয়ারায় দুই শিশুর পেট থেকে বিশেষ প্রক্রিয়ায় ৬ হাজার ৬১৫টি ইয়াবা উদ্ধার করেছে র্যাব। ইয়াবা পাচারে শিশু দুটিকে ব্যবহার করার অভিযোগে শারমিন আক্তার (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ইয়াবা গিলে অসুস্থ হয়ে পড়া দুই শিশু বর্তমানে র্যাবের তত্ত্বাবধানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে র্যাব-চট্টগ্রামের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ তাওহিদুল ইসলাম এসব তথ্য জানান।
র্যাব জানায়, শনিবার রাতে আনোয়ারা উপজেলার সরকারহাট এলাকায় বাঁশখালী-আনোয়ারা-চট্টগ্রাম সড়কে একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় দুই শিশু ও শারমিন আক্তারকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে দুই শিশু তাদের পেটের ভেতর ইয়াবা বহনের কথা স্বীকার করে। পরে রাতেই তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
এক্স-রে পরীক্ষায় দুই শিশুর পেটের ভেতর ইয়াবার অস্তিত্ব শনাক্ত হয়। পরে চিকিৎসকেরা বিশেষ প্রক্রিয়ায় তাদের পেট থেকে মোট ৬ হাজার ৬১৫টি ইয়াবা বের করেন। এর মধ্যে ১২ বছর বয়সী শিশুটির পেটে স্কচটেপে মোড়ানো ৬৭টি পোটলা এবং ৯ বছর বয়সী শিশুটির পেটে ৬৬টি পোটলা ছিল।
র্যাব জানায়, দুই শিশুর বাড়ি বান্দরবানের আলীকদম উপজেলায়। গ্রেপ্তার শারমিন আক্তারের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।
র্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ তাওহিদুল ইসলাম বলেন, কক্সবাজারকেন্দ্রিক একটি সংঘবদ্ধ চক্র শিশুদের ব্যবহার করে ইয়াবা পাচার করছে। জিজ্ঞাসাবাদে শারমিন জানিয়েছেন, ইয়াবা বহনের বিনিময়ে প্রত্যেক শিশুকে মাসে ৪ হাজার টাকা ভাতা অথবা তাদের পরিবারের মাসিক বাজার খরচ দেওয়া হয়।
র্যাব জানায়, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবা সংগ্রহের পর সেখানেই শিশুদের দিয়ে সেগুলো গিলিয়ে দেওয়া হতো। পরে তাদের চট্টগ্রাম শহর বা জেলার সুবিধাজনক কোনো স্থানে নিয়ে পেট থেকে ইয়াবার পোটলাগুলো বের করে বিক্রেতার হাতে তুলে দেওয়ার কথা ছিল।
শিশুদের পেটের ভেতর ইয়াবা বহন অত্যন্ত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে র্যাব কর্মকর্তা বলেন, পেটের ভেতর থাকা পোটলা কোনোভাবে ছিঁড়ে গেলে শরীরে বিষক্রিয়া সৃষ্টি হতে পারে। এতে কোনো ধরনের পূর্বলক্ষণ ছাড়াই শিশুদের মৃত্যু হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
এ ঘটনায় চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













