Cvoice24.com

আকমল আলীতে জুয়া-মাদকের ঘর গুঁড়িয়ে দিল চসিক

সিভয়েস২৪ প্রতিবেদক
১৮:৪১, ৭ সেপ্টেম্বর ২০২৬
আকমল আলীতে জুয়া-মাদকের ঘর গুঁড়িয়ে দিল চসিক

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার আকমল আলী খালপাড় এলাকায় জুয়া ও মাদক সেবনের আসর বসানোর অভিযোগে নির্মিত একটি অস্থায়ী ঘর উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চসিকের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে ইপিজেড থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

পুলিশ জানায়, আকমল আলী পকেট গেট খালপাড় এলাকায় দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ডোবার ওপর বাঁশের খুঁটি ও টিন দিয়ে অস্থায়ী ঘর তৈরি করে জুয়া ও মাদক সেবনের আসর বসানো হচ্ছিল। এর আগে, গত ৩ জুন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমার নেতৃত্বে অভিযান চালিয়ে একই ধরনের একটি ঘর উচ্ছেদ করা হয়। ওই ঘটনায় মামলা হওয়ার পর কিছুদিন কার্যক্রম বন্ধ ছিল।

পরে দক্ষিণ হালিশহরের আকমল আলী খালপাড়ে সিডিএ বালুর মাঠের উত্তর পাশে আমবাগানের ভেতরে নতুন করে অস্থায়ী ঘর নির্মাণ করে জুয়া ও মাদকের আসর বসানোর তথ্য পায় পুলিশ। গত ২ সেপ্টেম্বর একই এলাকায় অভিযান চালিয়ে ছয়জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। এ সময় জুয়ার আসর থেকে ১৫ প্যাকেট তাস ও নগদ ৩৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় ইপিজেড থানায় জুয়া প্রতিরোধ ও দমন আইন, ২০২৬-এর ১৫, ১৮ ও ২৭ ধারায় মামলা করা হয়েছে।

পুলিশ আরও জানায়, অভিযানের পর জুয়ার আসরে যাতায়াতের পথে বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা তৈরি এবং রাস্তায় কাঁটা ফেলে পুলিশের অভিযান বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়। তবে শেষ পর্যন্ত ওই আস্তানা অপসারণ করা হয়েছে।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এবং বারবার জুয়া ও মাদকের আসর বসানোর প্রেক্ষাপটে সিটি কর্পোরেশনের উদ্যোগে ঘরটি উচ্ছেদ করা হয়েছে। দীর্ঘদিন ধরে এসব কার্যক্রমের কারণে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল। অস্থায়ী ঘরটি অপসারণের পর স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর