Cvoice24.com

না ফেরার দেশে সড়ক দুর্ঘটনায় আহত হাটহাজারী কলেজছাত্র মাহিন

হাটহাজারী প্রতিনিধি, সিভয়েস২৪
১৪:১০, ৭ সেপ্টেম্বর ২০২৬
না ফেরার দেশে সড়ক দুর্ঘটনায় আহত হাটহাজারী কলেজছাত্র মাহিন

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে গুরুতর আহত কলেজছাত্র মাহিন (২০) দুর্ঘটনার পাঁচদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মাহিন উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাহাবুল আলমের ছেলে। তিনি হাটহাজারী সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

হাটহাজারী সরকারি কলেজের প্রভাষক মো. আবু তালেব মাহিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরের দিকে কয়েকজন পরীক্ষার্থী সিএনজিচালিত অটোরিকশায় করে হাটহাজারী সরকারি কলেজে পরীক্ষায় অংশ নিতে যাচ্ছিলেন। পথে চারিয়া বোর্ড স্কুলের সামনে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা ও প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আহত হন অটোরিকশাচালকসহ কয়েকজন শিক্ষার্থী।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

চমেক হাসপাতালে নেওয়ার পথেই অটোরিকশাচালক এরশাদের মৃত্যু হয়। গুরুতর আহত মাহিনকে চমেক হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। অবস্থার অবনতি হলে দুই দিন আগে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাহিনের মৃত্যুতে শোক প্রকাশ করে প্রভাষক মো. আবু তালেব বলেন, ‘প্রিয় ছাত্র মাহিন আর কখনও কলেজের ক্যাম্পাসে ফিরবে না—এই সত্যটা মেনে নেওয়া আমাদের জন্য অত্যন্ত কঠিন।’

তিনি আরও বলেন, ‘এমন মৃত্যু আমরা আর চাই না। আমরা চাই না মায়ের বুক খালি হোক। তাই সংশ্লিষ্ট প্রশাসনকে আরও বেশি সচেতন হওয়া উচিত। শিক্ষার্থীদের জন্য নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা এখন সময়ের দাবি।’

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর