নোয়াখালীতে লরি চাপায় ব্যবসায়ী নিহত ও আশঙ্কাজনক দুই ছেলে
সিভয়েস২৪ ডেস্ক
নোয়াখালীর কবিরহাটে তেলবাহী লরির চাপায় এক সার ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুই ছেলে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সোনাপুর–কবিরহাট সড়কের সুন্দলপুর ইউনিয়নের ট্রান্সমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. শফিক (৬০) উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত মমিনুল হকের ছেলে। আহতরা হলেন তার দুই ছেলে—শাকিল (২১) ও মো. একা (১৯)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে সদর উপজেলার সোনাপুর থেকে যমুনা তেলবাহী একটি লরি কবিরহাটের উদ্দেশ্যে রওনা দেয়। পথে ট্রান্সমিটার এলাকায় পৌঁছালে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে শফিক ও তার দুই ছেলের বহন করা মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শফিক মারা যান।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুই ছেলেকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে পরিবার।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ভূঞা জানান, মোটরসাইকেলে শফিক ও তার দুই ছেলে ছিলেন। তেলবাহী লরির চাপায় শফিক ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকচালককে আটক করে হেফাজতে নিয়েছে। একই সঙ্গে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জাতীয় সব খবর














