Cvoice24.com

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, সফরের আমন্ত্রণ

সিভয়েস২৪ ডেস্ক
১৮:০৬, ২০ ফেব্রুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, সফরের আমন্ত্রণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম। ফোনালাপে তিনি তারেক রহমানকে অভিনন্দন জানান এবং মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে বিজয়ী হওয়ায় তিনি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। আনোয়ার ইব্রাহিম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বাংলাদেশের জনগণের পরিপক্কতাও প্রশংসা করেন।

এ সময় তিনি বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতর ও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি সুবিধাজনক সময়ে সরকারি সফরের জন্য তারেক রহমানকে আমন্ত্রণ জানান। 

তিনি আশা প্রকাশ করেছেন, উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও জোরদার হবে।