মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
সিভয়েস২৪ ডেস্ক
রক্তস্নাত ঐতিহাসিক ২১ ফেব্রুয়ারি আজ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পলাশ-শিমুলে রাঙা এই দিনে বাঙালি জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করছে সেইসব বীর সন্তানদের, যারা মাতৃভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের এই দিনে জীবন উৎসর্গ করেছিলেন। চারদিকে ধ্বনিত হচ্ছে সেই কালজয়ী গান—‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?’
বায়ান্নর ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে তৎকালীন পূর্ববাংলার ছাত্রসমাজ ১৪৪ ধারা উপেক্ষা করে রাজপথে নামেন। আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিতে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরসহ নাম না জানা অনেকে শহীদ হন। তাদের আত্মত্যাগের পথ ধরেই বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি পায় এবং ভাষা আন্দোলন পরবর্তীকালে বাঙালির স্বাধীনতা সংগ্রামের ভিত রচনা করে।
দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
ভোরে কালো ব্যাজ ধারণ করে প্রভাতফেরিতে অংশ নিয়ে মানুষ রাজধানীর আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। শহীদদের রুহের মাগফিরাত কামনায় কোরআনখানি ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। দেশের মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়েও বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।
১৯৯৯ সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণ ও মাতৃভাষার মর্যাদা রক্ষায় দিনটি গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে।
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আজ সরকারি ছুটি। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে, পাশাপাশি উত্তোলন করা হয়েছে কালো পতাকা। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হচ্ছে একুশের বিশেষ অনুষ্ঠানমালা।
শোক ও গৌরবের মিশেলে একুশ আজও বাঙালির চেতনায় অমলিন—মাতৃভাষার অধিকার রক্ষায় আত্মদানের এক অনন্য দৃষ্টান্ত।
জাতীয় সব খবর














