সেনাবাহিনীতে শীর্ষ পদে রদবদল
সিভয়েস২৪ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকটি শীর্ষ পদে রদবদল করা হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সেনাসদর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে, যা প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
নতুন নিয়োগ অনুযায়ী, লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব নেবেন। এর আগে তিনি আর্টিলারি ডক্টরেট কমান্ডের (আর্টডক) জিওসি ছিলেন।
সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব নিয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান, যিনি এর আগে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন।
এছাড়া, মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ৫৫ পদাতিক ডিভিশন থেকে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে বদলি করা হয়েছে। ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
জাতীয় সব খবর














