Cvoice24.com

কক্সবাজারে পৃথক অভিযানে ৫ জনকে জরিমানা, ট্রাক জব্দ

কক্সবাজার প্রতিনিধি
২০:২৮, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
কক্সবাজারে পৃথক অভিযানে ৫ জনকে জরিমানা, ট্রাক জব্দ

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কক্সবাজার শহর ও উখিয়া উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে পাঁচ ব্যক্তিকে ৬৩ হাজার টাকা জরিমানার পাশাপাশি একটি বালুবাহী ট্রাক জব্দ করা হয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) জেলা প্রশাসন ও র‍্যারের যৌথ উদ্যোগে কক্সবাজার শহরের বড়বাজার ও বাজারঘাটায় এ অভিযান পরিচালিত হয়। 

অভিযান পরিচালনা করেন কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম। 

অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)–এর অনুমোদনহীন টেস্টিং সল্ট বিক্রির দায়ে এক দোকানের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।  

অন্যদিকে, উখিয়ার কুতুপালং এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তিন ব্যক্তিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে বালি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও বালুসহ একটি ট্রাক জব্দ করা হয়।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা শাহীনুর রহমান জানান, পাহাড় থেকে অবৈধভাবে বালি ও মাটি কেটে ব্যবসা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাক জব্দ করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পালংখালী এলাকার আকবর আলীর ছেলে সোনা মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বলেন, ‘রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’