Cvoice24.com

জন্মদিনে স্ত্রী সুনিধির আবেগঘন শুভেচ্ছায় ভাসছেন অর্ণব

​​​​​​​বিনোদন ডেস্ক
২১:৫২, ২৭ জানুয়ারি ২০২৬
জন্মদিনে স্ত্রী সুনিধির আবেগঘন শুভেচ্ছায় ভাসছেন অর্ণব

বাংলা গানের অন্যতম জনপ্রিয় ও নন্দিত সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের জন্মদিন আজ (২৭ জানুয়ারি)। বিশেষ এই দিনে ভক্ত-অনুরাগীদের ভালোবাসায় ভাসছেন তিনি। জন্মদিনের আনন্দকে আরও রাঙিয়ে দিয়েছেন অর্ণবের স্ত্রী ও সংগীতশিল্পী সুনিধি নায়ক, যিনি সামাজিক মাধ্যমে স্বামীর প্রতি প্রকাশ করেছেন গভীর ভালোবাসা ও শ্রদ্ধা।

সুনিধি নায়ক তার ফেসবুক অ্যাকাউন্টে অর্ণবের সঙ্গে কাটানো কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করেন। পোস্টের ক্যাপশনে অর্ণবকে ‘বিচিত্র ও চমৎকার শখের মানুষ’ হিসেবে উল্লেখ করে তিনি লেখেন, “শুভ জন্মদিন অর্ণব। এমন একজন মানুষ যার শখগুলো সত্যিই দারুণ—যে পার্কে গিয়ে ছবি আঁকতে ভালোবাসে, আবার নিজের শোবার ঘরে বসেই সৃষ্টি করে সুরের মূর্ছনা।”

সুনিধি তার পোস্টে অর্ণবের আগামীর দিনগুলোতে সুখ, সুস্বাস্থ্য ও সুন্দর স্মৃতিতে ভরা জীবনের কামনাও করেন।

শেয়ার করা ছবিগুলোতে অর্ণবের নানা দিক ফুটে উঠেছে। কোথাও দেখা যায় তার প্রাণীপ্রেম, আদরের পোষ্য কুকুরের সঙ্গে কাটানো সময়; আবার কোথাও চেনা ছন্দে গিটার হাতে গান গাইতে দেখা গেছে তাকে। পোস্টটির ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে সুনিধি যুক্ত করেছেন অর্ণবের জনপ্রিয় গান ‘দুষ্টু ছেলের দল’।

উল্লেখ্য, শায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়ক দুজনেই সংগীত জগতের পরিচিত মুখ। শান্তিনিকেতনে পড়াশোনার সময় থেকেই তাদের পরিচয়। পরবর্তীতে ২০২০ সালের ২৮ অক্টোবর ঘরোয়া আয়োজনে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকে এই তারকা দম্পতি সংগীত ও ব্যক্তিগত জীবনে একে অপরের অনুপ্রেরণা হয়ে আছেন।