কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জারের মৃত্যুর গুজব
বিনোদন ডেস্ক
জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার-এর মৃত্যুর খবরটি সম্পূর্ণ গুজব বলে নিশ্চিত হওয়া গেছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভুয়া খবরে ভক্তদের মধ্যে চরম বিভ্রান্তি সৃষ্টি হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, এই অভিনেতা বর্তমানে জীবিত আছেন এবং রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকদের মতে, আগের তুলনায় এখন তার শারীরিক অবস্থা অনেকটাই উন্নতির দিকে। সবকিছু ঠিক থাকলে আগামী দুই–একদিনের মধ্যেই তিনি বাসায় ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে বাবার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তার ছেলে রুবেল খন্দকার। ফেসবুক পোস্টে তিনি একে ‘নোংরা গুজব’ আখ্যা দিয়ে বলেন, কিছু অসাধু ও ভিউ–লোভী ব্যক্তি তার বাবার মৃত্যু নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করছে। তিনি এ ধরনের গুজব রটনাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
নব্বই দশকের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ও টেলিভিশন নাটকে স্বতন্ত্র কৌতুকাভিনয়ের মাধ্যমে দেশজুড়ে পরিচিতি পান হারুন কিসিঞ্জার। ছোট পর্দার পাশাপাশি কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। দীর্ঘদিন অভিনয়ে অনিয়মিত থাকলেও তার হাস্যরসাত্মক সংলাপ এখনো দর্শকদের মনে গেঁথে আছে।
বিনোদন সব খবর















