Cvoice24.com

আবারো মা হচ্ছেন বুবলী, শাকিব খানের ঘরে আসছে দ্বিতীয় সন্তান 

বিনোদন ডেস্ক
১৫:৫৩, ৭ ফেব্রুয়ারি ২০২৬
আবারো মা হচ্ছেন বুবলী, শাকিব খানের ঘরে আসছে দ্বিতীয় সন্তান 

আবারো বাবা-মা হতে যাচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত জুটি শাকিব খান ও শবনম ইয়াসমিন বুবলী । এ নিয়ে তাদের ঘরে দ্বিতীয় সন্তান আসছে। বর্তমানে বুবলী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা, এবং তার স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে শুটিংয়ে অংশ নিচ্ছেন না। 

সূত্র জানাচ্ছে, শাকিব খানের পরামর্শে বুবলী সন্তান জন্ম দেবার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করছেন, ঠিক যেমনভাবে প্রথম সন্তান শেহজাদ খান বীর জন্মেছিলেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে একটি ব্র্যান্ডের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে হাজির হন বুবলী। সেখানে বেবিবাম্প স্পষ্টভাবে ধরা পড়ে এবং তার হাঁটাচলা ও ভঙ্গি থেকেই অনুমান করা গেছে যে তিনি মা হওয়ার প্রাথমিক পর্যায়ে রয়েছেন। অনুষ্ঠানে বুবলী একটি বিস্কিট রঙের ফ্লোর টাচ গাউন পরে ছিলেন, যা তার গর্ভাবস্থাকে আরও স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে।

গ্র্যান্ড লঞ্চ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে বুবলী এই বিষয়টি সরাসরি স্বীকার বা অস্বীকার কোনোটাই করেননি, তিনি কৌশলপুর্ণভাবে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন।

তিনি বলেন ‘আজকে আমাদের প্রোগ্রামের গ্র্যান্ড লঞ্চ, যেহেতু এগুলো খুব ব্যক্তিগত বিষয় তাই স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে আলোচনা করা ঠিক হবে না।’ 

বুবলী আরো বলেন, ‘সমস্ত কিছু ঠিক সময়ে সবাইকে সম্মান জানিয়ে বলা হবে।’ এসময় তিনি তার পাসপোর্টও উপস্থিতদের দেখান, যা বোঝাচ্ছে যে শীঘ্রই যুক্তরাষ্ট্রে যাত্রা করবেন।

বুবলী বর্তমানে শুটিংয়ে অংশ নিচ্ছেন না, বিশেষ করে তার চলমান সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’-এর দ্বিতীয় লটের কাজ। সিনেমার প্রযোজক জাহাঙ্গীর সিকদার জানান, প্রথম লটে বুবলী ও অন্যান্য শিল্পীদের সঙ্গে চার দিনের শুটিং সম্পন্ন হয়েছে, কিন্তু দ্বিতীয় লটের জন্য নায়িকাকে ছাড়াই কাজ শেষ করতে হবে।

এর আগে বুবলী ও শাকিবের সম্পর্ক নিয়ে অনেক বিতর্ক এবং প্রশ্ন থাকলেও, গত বছরের শেষের দিকে তাদের নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে সন্তান শেহজাদ খান বীরসহ ঘুরে বেড়ানোর ছবি প্রকাশের পর গুঞ্জন আরও জোরদার হয়েছিল যে তারা পুনরায় এক হতে যাচ্ছেন। এবারও মা হওয়ার বিষয়টি সেই আগের গুঞ্জনকে আরও দৃঢ় করেছে।

বুবলী এর আগে ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। সে সময় তিনি বিষয়টি সামাজিক মাধ্যমে ভাগ করে জানিয়েছেন। এবারও তিনি একই পথে হাঁটছেন, কিন্তু সংবাদ মাধ্যমে সরাসরি ঘোষণা না দিয়ে কৌশলপূর্ণভাবে বিষয়টি ধোঁয়াশায় রেখেছেন।

এদিকে বুবলীর ঘরে নতুন অতিথি আসায় ঢালিউড ভক্তদের মধ্যে উৎসাহ ও কৌতূহল বেড়েছে। ফ্যানদের জন্য আনন্দের খবর হলো, শাকিব খানের ঘরে আসছে দ্বিতীয় সন্তান, এবং ঢালিউডের এই জনপ্রিয় জুটি আবারও পরিবারিক জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন।