ভিআইপি বন্দি ফজলে করিমও ঢাকায়, লতিফ চিন্ময় চট্টগ্রামে
‘অসুস্থ’ ইঞ্জিনিয়ার মোশাররফ ঢাকায় ‘ভালো আছেন’
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসনকে ঢাকায় নেওয়া হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য নেওয়া সাবেক এই মন্ত্রী এখন ‘ভালো আছেন’, তবে তিনি কারাগারে নাকি হাসপাতালে তা জানা যায়নি।
গত ৫ ফেব্রুয়ারি তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে রেফার করেছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বসানো মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। পরদিন (৬ ফেব্রুয়ারি) সড়কপথে ঢাকায় নিয়ে যাওয়া হয় তাঁকে।
এদিকে, চট্টগ্রামের ৮ মামলায় ম্যাজিস্ট্রেট আদালত জামিন নামঞ্জুর করায় জজকোর্টে যাওয়ার পরিকল্পনা করছেন তাঁর আইনজীবী। ঢাকায় গিয়ে চিকিৎসা নিচ্ছেন কি-না জানাতে না পারলেও সাবেক এই মন্ত্রী ‘এখন ভালো আছেন’—এইটুকুই জানাতে পেরেছেন তিনি। প্রায় ৮২ বছর বয়সী আওয়ামী লীগের এই নেতা ডিমেনশিয়া, হার্টের সমস্যা, থাইরোয়েড, নিউরোলজিক্যাল সমস্যা, ডায়াবেটিস, হাইপারটেনশনসহ নানা রোগে আক্রান্ত।
ইঞ্জিনিয়ার মোশাররফের আইনজীবী মো. মুজিবুর রহমান চৌধুরী ফারুক সিভয়েস২৪’কে আজ (শনিবার) বিকেলে বলেছেন, ‘ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব অসুস্থ থাকায় এখান থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। তবে তিনি কারাগারে নাকি হাসপাতালে সেটি জানা নেই। শারীরিক অবস্থা আপাতত ভালো থাকলেও সার্বিক অবস্থা তেমন একটা ভালো নয়। উনি নানা রোগে আক্রান্ত।’
আরও পড়ুন : কারাবন্দি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন হাসপাতালে
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ঢাকার মামলায় জামিন আবেদন করা হয়েছিল। যা উচ্চ আদালতে পেন্ডিং রয়েছে। চট্টগ্রামের মামলাগুলোয় জামিন আবেদন করা হলেও ম্যাজিস্ট্রেট আদালত তা নামঞ্জুর হয়েছে। আমরা আস্তে আস্তে জজ আদালতের দিকে যাচ্ছি।’
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ মাসুদ হাসান জুয়েল সিভয়েস২৪’কে বলেন, ‘ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে অসুস্থ হওয়ার পরদিনই ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এখন ঢাকার কারা কর্তৃপক্ষ ভালো জানবে তাকে কারাগারে রাখা হয়েছে নাকি চিকিৎসার জন্য কোথাও ভর্তি করা হয়েছে।’
কারা সূত্র জানিয়েছে, ইঞ্জিনিয়ার মোশাররফকে ঢাকায় নেওয়ার পর বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ভিআইপি বন্দিদের মধ্যে আছেন চট্টগ্রাম-১১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ, সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলাম এবং বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস। এছাড়া রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে সম্প্রতি ঢাকায় নেওয়া হয়েছে। আর টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি রয়েছেন কাশিমপুর কারাগারে।
আরও পড়ুন : ইঞ্জিনিয়ার মোশাররফ চট্টগ্রামে, মেলেনি জামিন
এর আগে, গত ৫ ফেব্রুয়ারি সকাল ১১টা ১০ মিনিটের দিকে নিয়মিত চেকআপের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে। সেখানে প্রথমে প্রিজন ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর তাঁকে নিয়ে মেডিকেল বোর্ড বসানো হয়। মেডিসিন বিভাগের অধ্যাপক আবদুস সাত্তার, নিউরোলজি বিভাগের অধ্যাপক মো. হাসানুজ্জামানসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকেরা সেখানে ছিলেন। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী দুপুরের দিকে তাঁকে বিএসএমএমইউয়ে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) রেফার করা হয়।
আরও পড়ুন : বদি এখন কাশিমপুরে, দ্বিতীয় দফায়ও আনা গেল না চট্টগ্রামে
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন সিভয়েস২৪’কে ওইদিন জানিয়েছিলেন, ‘উনি (মোশাররফ) ডিমেনশিয়া, হার্টের সমস্যা, থাইরোয়েড, নিউরোলজিক্যাল সমস্যা, ডায়াবেটিস, হাইপারটেনশনসহ নানা রোগে আক্রান্ত। তবে শারীরিক অবস্থা ভালো আছে। রুটিন চেকআপের জন্য হাসপাতালে আনার পর উনার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। আরও বেশ কিছু পরীক্ষা করার প্রয়োজন ছিল, যেগুলো এখানে করা হয় না। তাই ওখানে (বিএসএমএমইউ) রেফার করা হয়েছে।’
গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর ২৭ অক্টোবর ঢাকা থেকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে ১৪ জানুয়ারি রাতে ঢাকা থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়। এরপর সকালে তাঁকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। তাঁর বিরুদ্ধে ঢাকায় একটি ও চট্টগ্রামে আটটিসহ মোট ৯টি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানো হয়েছে।
সিভয়েস২৪/রর
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














