Cvoice24.com

পতেঙ্গায় তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

১৭:২৫, ৬ আগস্ট ২০২৬
পতেঙ্গায় তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

নগরের পতেঙ্গা এলাকায় খাদ্যের মান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি খাবার প্রস্তুত ও বিক্রয়কারী প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পোড়া তেল ব্যবহার, বাসি গ্রিল কাঁচা মাছ-মাংসের সঙ্গে সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে এসব জরিমানা করা হয় বলে জানিয়েছে চট্টগ্রা,ম বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৬ আগস্ট) পতেঙ্গা এলাকায় এ অভিযানের নেতৃত্ব দেন সংস্থাটির উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। 

তিনি জানান, অভিযানে হোটেল পতেঙ্গাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পোড়া তেল ব্যবহার করে খাদ্যদ্রব্য প্রস্তুত, বাসি গ্রিল কাঁচা মাছ-মাংসের সঙ্গে সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এছাড়া চাটগাঁও রান্নাঘরকে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ১০ হাজার টাকা এবং ভ্যালেন্সিয়া ফুড কর্নারকে ফ্রিজে অপরিচ্ছন্ন উপায়ে বিভিন্ন খাদ্যদ্রব্য সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।