বাইকার গ্যাংয়ের আড়ালে ইয়াবা পাচার
সিভয়েস২৪ প্রতিবেদক
বাইকার গ্যাংয়ের আড়ালে কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবার বড় চালান পরিবহন করছিল একটি সংঘবদ্ধ চক্র। র্যাবের তল্লাশির মুখে শেষ পর্যন্ত রক্ষা হয়নি। চট্টগ্রামের পটিয়া থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবাসহ ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে পটিয়া সরকারি কলেজ জামে মসজিদের বিপরীতে সুলতান হোটেলের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলেন— কক্সবাজারের রামু উপজেলার ঘোনারপাড়া এলাকার মো. বশির (৩৮), বেলাল উদ্দিন (৩২), ঈদগাঁও উপজেলার নুরুল মোস্তফা (২৭), রামু উপজেলার মো. সাইফুল (২৪), মো. হাসান (৩৯) ও মো. হোসেন (৩৭)।
র্যাব-৭-এর সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. তাওহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, একটি বাইকার গ্যাং কক্সবাজার থেকে মোটরসাইকেলে ইয়াবার চালান নিয়ে চট্টগ্রাম নগরের দিকে আসছে। পরে পটিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে পাঁচটি মোটরসাইকেল থামানো হলে তল্লাশিতে একটি মোটরসাইকেলের সিট বক্সের ভেতরে বিশেষ কৌশলে স্কচটেপে মোড়ানো অবস্থায় প্রায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা কক্সবাজার থেকে মোটরসাইকেলে করে ইয়াবা এনে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। বাইকার গ্যাংয়ের আড়ালে তারা দীর্ঘদিন ধরে মাদক পরিবহন করে আসছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
র্যাব জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পটিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পাশাপাশি তাদের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














