৩৬ জুলাইয়ের দুই বছর
শহীদদের স্মরণে গণভোজ এনসিপির
সিভয়েস২৪ প্রতিবেদক
জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোর কথা এখনও মানুষের স্মৃতিতে অমলিন। দীর্ঘ স্বৈরশাসনের শৃঙ্খল ভেঙে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের দুই বছর পূর্ণ হলো আজ। ঐতিহাসিক এই বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তিকে ঘিরে চট্টগ্রামে এক ভিন্নরকম আবহের সৃষ্টি হয়েছে। দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক বিশাল গণভোজের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখা।
বুধবার (৫ আগস্ট) দুপুরে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে এই আয়োজনের শুরু হয়।
এনসিপি জানিয়েছে, এই গণভোজে কোনো ভেদাভেদ থাকবে না। দলের নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি সর্বস্তরের সাধারণ মানুষ এক কাতারে বসে খাবার গ্রহণ করবেন। প্রায় তিন হাজার মানুষের জন্য এই বিশাল ভোজের সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
এনসিপি চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় জানান, গণভোজের কার্যক্রম শুরুর আগেই জুলাই আন্দোলনের বীর শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে।
স্বৈরাচার পতনের এই বিশেষ দিনে সবাইকে এক জায়গায় নিয়ে এসে একসঙ্গে খাওয়ার আনন্দ ভাগাভাগি করে নেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানান দলটির নেতা রকিবুল হাসান।
তিনি বলেন, ‘মূলত জুলাই অভ্যুত্থানের স্মৃতি, শহীদদের অমূল্য আত্মত্যাগ এবং নতুন বাংলাদেশের জাতীয় ঐক্যের বার্তাই এই মিলনমেলার মধ্য দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিতে চায় দলটি।'’
রাজনীতি সব খবর















